নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিতে নারী সমাবেশ
মানিকগঞ্জ পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের (বিজয়মেলা মাঠ) মাঠে এ সমাবেশ হয়। এতে পৌর এলাকার কয়েক শ নারী অংশ নেন। পৌর সামাজিক কল্যাণ মহিলা কমিটির সভাপতি জিনাত রেহেনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদা, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান ও সাবেক পৌর কাউন্সিলর করবী আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, পৌরকর নিয়মিত পরিশোধের পরও পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না।বক্তারা পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, পৌর এলাকায় পানির সমস্যা সমাধানে পোড়রা ও জয়রা এলাকায় দুটি পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর এলাকায় যেসব রাস্তাঘাটের সমস্যা রয়েছে, তা শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।