সিটি করপোরেশনে যুক্ত হয়েও সব সুবিধা পাচ্ছেন না কামরাঙ্গীরচরবাসী। এলাকার তিনটি ওয়ার্ডেই যত্রতত্র পড়ে থাকে আবর্জনা। সব সড়কে বাতি নেই। পুরো কামরাঙ্গীরচরেই তীব্র গ্যাস-সংকট। দিনদুপুরেও সেখানে মশার উপদ্রব তীব্র। বাসিন্দারা বলছেন, গরিব এলাকা বলে তাঁরা অবহেলিত।
কামরাঙ্গীরচরে প্রায় ১৫ লাখ লোকের বাস। অধিকাংশই শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে এই এলাকা। গত তিন-চার বছর থেকে এলাকাটিতে সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও বাসিন্দারা। গত শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, লোকবলের অভাব ও প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সাধারণ নাগরিকসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।
বর্জ্য ব্যবস্থাপনা নেই: লালবাগ-হাজারীবাগ এলাকা ও কামরাঙ্গীরচরের মধ্যের বিভাজক হচ্ছে বুড়িগঙ্গা খাল। পুরো খালই এখন ময়লার ভাগাড়। খালের ওপর গড়ে ওঠা রসুলপুর ১ ও ২ নম্বর সেতু, কাঠের পুল আর লোহার ব্রিজের রেলিং ঘেঁষেও ময়লার স্তূপ। প্রচণ্ড দুর্গন্ধের কারণে নাক চেপে খালপাড়ের সড়ক পার হতে হয়। আর সেতুর ওপারে কামরাঙ্গীরচরের গলিপথগুলোতেও জায়গায় জায়গায় ময়লা রাখা। রসুলপুরের রণি মার্কেটের আশপাশের গলিগুলোতে পলিথিন আর প্লাস্টিকের প্যাকেটের স্তর জমে পিচের পথ আর দেখা যায় না। তিনটি ওয়ার্ডের মধ্যে শুধু ৫৬ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
সব সড়কবাতি জ্বলে না: বেড়িবাঁধ-সংলগ্ন মূল সড়ক বাদে অধিকাংশ সড়কেই বাতি জ্বলে না। ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের অনেক সড়কই সন্ধ্যার পর অন্ধকার থাকে। ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী আকতার বলেন, তাঁর বাড়ির আশপাশের গলিগুলোতে সড়কবাতি নষ্ট থাকায় রাতে পথ চলতে নিরাপদ বোধ করেন না। অন্ধকারে প্রায়ই ছিনতাই ও নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটে বলে জানান তিনি।
গ্যাস পাওয়া যায় মধ্যরাতে: কামরাঙ্গীরচরে রান্নার গ্যাসের সংকট বহুদিনের। তিনটি ওয়ার্ডেই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাসের চুলা থাকে নিবু নিবু। এলাকাবাসী বলেন, রান্নার উপযোগী গ্যাসের চাপ আসে রাত ১২টার পর। সিটি করপোরেশনে যুক্ত হয়েও এই অবস্থার কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলেয়া বেগম। রান্নার জন্য তাঁকে আরও পাঁচটি পরিবারের সঙ্গে চুলা ভাগাভাগি করতে হয়। বললেন, ‘রাইত তিনটায় উইঠা রাঁন্ধন লাগে। অনেক সময় চুলা পাইতে পাইতে গ্যাস যায়গা।’
মশার উপদ্রব: কামরাঙ্গীরচরের চারপাশেই অনেকগুলো খাল-ডোবা রয়েছে। পয়োনালাগুলোর অধিকাংশই খোলা। দিনের বেলাতেই এসব জায়গায় মশার ঝাঁক চোখে পড়ে। বাসিন্দারা বলেন, বিকেল থেকেই মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন তাঁরা। ৫৫ নম্বর ওয়ার্ড নিবাসী মো. মান্না বলেন, ‘রাইতে মশায় উড়ায় নিয়া যায়। ওষুধ দিতেও দেহি না।’
মো. আফজাল, সেলিম মিয়া, সালমা বেগমসহ অনেক বাসিন্দা বলেন, এই এলাকায় নিম্ন আয়ের মানুষের বাস বলে সিটি করপোরেশন তাঁদের এলাকার উন্নয়নের ব্যাপারে উদাসীন। মো. আফজাল বলেন, ‘আমরা তো গরিব। তাই আমাদেরটা কেউ দেখে না।’
সমস্যাগুলো সম্পর্কে জানতে চাইলে ৫৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরে আলম প্রথম আলোকে বলেন, তাঁর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়নি বলে আবর্জনার যথাযথ ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না। আর আবর্জনার জন্যই মশা বাড়ছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, কিছু কারখানায় গ্যাসের অবৈধ সংযোগের কারণে সংকট কমছে না। শিগগিরই তাঁর ওয়ার্ডে ১০০ বাতি লাগানো হবে বলে জানান তিনি।
৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, অধিকাংশ সড়কে বাতি নেই এ তথ্য ঠিক নয়। কয়েকটি সড়কে সমস্যা থাকতে পারে। তিনি বলেন, আগামী মার্চের মধ্যে কামরাঙ্গীরচরের সড়কগুলোতে এলইডি বাতি বসানো হবে। ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুতর অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।