
চাঁদপুরে পদ্মা-মেঘনার বুকে জেগে ওঠা প্রায় ৩৮ বর্গকিলোমিটার চর এলাকা নিয়ে গঠিত রাজরাজেশ্বর ইউনিয়ন। যেতে হলে জেলা শহর থেকে এক-দেড় ঘণ্টা পাড়ি দিতে হয় পদ্মা-মেঘনা। ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার ছাড়া যাওয়ার ব্যবস্থা নেই। তাও নির্দিষ্ট সময় ছাড়া যাওয়া মুশকিল।
এমনই এক বিচ্ছিন্ন জনপদ রাজরাজেশ্বর। ইউনিয়নটিতে প্রায় ৩০ হাজার লোকের বাস। এর মধ্যে ভোটারের সংখ্যা ১১ হাজার ৪৫। ৩১ মার্চ ভোট এখানে। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপির আবুল হোসেন প্রধানিয়া ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী হজরত আলী এবং দলটির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক চোকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্যপদে ২২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে ১১ জন লড়ছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুজন চাঁদপুর শহরে থাকেন। শহরের নিশি বিল্ডিং এলাকায় নিজের বাড়িতে থাকেন হজরত আলী ব্যাপারী। আবদুর রাজ্জাক চোকদার থাকেন শহরের আদালতপাড়ায় নিজ বাড়িতে। তাঁর সব ছেলেমেয়ে বিদেশে। আবুল হোসেন প্রধানিয়া এলাকাতেই থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ভোট এলেই প্রার্থীরা ছুটে আসেন এলাকায়। ভোটের পরে তাঁরা কাজ করেন না, শহরেই বউ-বাচ্চা নিয়ে থাকেন। তবে ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগ আর দলটির বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে মাঝখান থেকে ধানের শীষের প্রার্থীই জয়ী হতে পারেন।
হজরত আলী বলেন, ‘ব্যবসায়িক কারণে পরিবার নিয়ে চাঁদপুরে থাকি। তবে চরের সঙ্গে প্রতিদিন যোগাযোগ এবং যাতায়াত আছে। ভবিষ্যতে আমি চরেই থাকব। চরের মানুষের জন্য কাজ করব। বিগত সময়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করি, জনগণ সেই মূল্যায়ন করবে।’
বিএনপির প্রার্থী আবুল হোসেন প্রধানিয়া বলেন, ‘এলাকায়ই থাকি। চেয়ারম্যান হয়ে এলাকার উন্নয়ন করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক চোকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের চারদিকে ধু ধু বালুচর। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট বা নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই। চলাচলের জন্য যানবাহন পর্যন্ত নেই। বর্ষায় নৌকা চললেও শুকনো মৌসুমে হেঁটে চলাচল করতে হয়। বর্তমানে নির্বাচন ঘিরে পুরো চরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানকার বেশির ভাগ মানুষ পেশায় জেলে ও দিনমজুর। বর্তমানে কাজ না থাকায় চেয়ারম্যান প্রার্থীদের হয়ে কেউ ধানের শীষ, নৌকা বা আনারস প্রতীকের হয়ে নির্বাচনী প্রচারণায় মজুরি খাটছেন। সদস্যপ্রার্থীদের হয়েও প্রচারণায় অংশ নিচ্ছেন কেউ কেউ।
ইউনিয়ন পরিষদের সূত্র জানায়, ইউনিয়নটিতে তিনটি কমিউনিটি ক্লিনিক, সরকারি চারটিসহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান, বিভিন্ন বাজার ও বাড়িতে খাবার পানির জন্য নলকূপ স্থাপন এবং চলাচলের জন্য কিছু কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে।
ইউপির সচিব মিজানুর রহমান বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বেশির ভাগ সময় রাস্তাঘাটের উন্নয়নে কাজ হয়েছে। প্রকল্প কমিটি ও ঠিকাদারেরা এসব কাজ বাস্তবায়ন করেন। তবে নদী ভাঙনের কারণে অনেক প্রকল্প অল্প সময়েই ভেস্তে যাচ্ছে।