নাগরিক সুবিধা নেই বহুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর থেকে টিটিপাড়া হয়ে সায়েদাবাদ যেতে হলে পড়বে মিয়াজান লেন। জনপথের পূর্ব পাশে ব্যস্ত এই এলাকার বাসিন্দারা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বছরের পর বছর। পয়োনালা নেই, নর্দমা উপচে গড়ায় আবর্জনা। দুর্গন্ধের মধ্যে চলতে হয় ভাঙা পথে। যখন-তখন চলে যায় বিদ্যুৎ। এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের অবাধ বিচরণ।

গতকাল সোমবার এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা উৎসাহের চেয়ে বিরক্তিই প্রকাশ করেন বেশি। এলাকায় দীর্ঘদিন বসবাস করছেন আবদুল হালিম নামের বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি। বললেন, পাকিস্তান আমলে এলাকাটি ছিল ডোবা। ক্রমান্বয়ে ভরাট হয়ে লোকালয় গড়ে ওঠার পর শুরুতে রাস্তাঘাট ভালোই ছিল। কিন্তু প্রায় এক যুগ ধরে কোনো সংস্কার করা হয়নি। বড় আকারের গর্ত সৃষ্টি হলে খোয়া ফেলে সাময়িক ভরাট করা হলেও সামান্য বৃষ্টিতেই আবার গর্তগুলো বেরিয়ে পড়ে। ফলে রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। গত বছরের এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে তাঁরা শুনে আসছেন এলাকার চলাচলের অযোগ্য এসব রাস্তা মেরামত করা হবে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেছে, কোনো কাজ হয়নি। এখন পথ চলতে গেলে হোঁচট খেতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পাশের মানিকনগর, ধলপুর, গোলাপবাগ এলাকায় রাস্তাঘাট সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হলেও মিয়াজান লেনটি সবদিক থেকে এর বাইরেই রয়ে গেছে। এমনকি পাশের ওয়াসা রোড, কালভার্ট রোড, নাজিমউদ্দিন রোডসহ বিভিন্ন অলিগলি মেরামত বাবদ খরচ করা হয়েছে ১২ কোটি টাকা। কিন্তু মিয়াজান লেনকে এর বাইরেই রাখা হয়েছে। এলাকার পয়োনালা নির্মাণ বা নর্দমা সংস্কারেও কোনো কাজ হচ্ছে না।

এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭ নম্বর ওয়ার্ডের অধীন। কাউন্সিলর আবদুল বাসিত খান নিজেও মিয়াজান লেনে বসবাস করেন। তাঁর এলাকার এই হাল সম্পর্কে প্রশ্ন করলে তিনি এলাকাবাসীর অভিযোগ স্বীকার করেন। বলেন, এলাকার পয়ো ও ড্রেনেজ-ব্যবস্থা খারাপ। রাস্তাঘাট ভালোভাবে মেরামত না করে আর উপায় নেই। আশপাশের কিছু রাস্তার পাশাপাশি এই এলাকার রাস্তা, নালা, নর্দমা মেরামতে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথা। এর ভিত্তিতে কাজ শুরু করা হবে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ ছিল না। স্থানীয় মনিহারি দোকানি বরকতউল্লাহ বলেন, বিদ্যুৎ যাওয়া-আসার খেলা এখন নিত্যদিনের। অনেক সময় রাতেও এলাকা থাকে বিদ্যুৎবিহীন।

মিয়াজান লেনটি জনপথ (বিশ্বরোড) এলাকার খুব কাছে হওয়ায় সুবিধার চেয়ে নিত্যনতুন অসুবিধাই বেশি সৃষ্টি হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এর একটি হচ্ছে সার্বক্ষণিকভাবে ভারী যানবাহনের শব্দ। এর বাইরে প্রধান সড়কে ছিনতাইয়ের ঘটনা প্রতিদিনের। মাঝেমধ্যে দিনেও ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রধান সড়কে ছিনতাই করে মিয়াজান লেনে ঢুকে পড়ে ছিনতাইকারীরা।

এলাকায় মাদকের সেবন ও বিক্রি ব্যাপক হারে বেড়ে গেছে। ছিনতাইকারীদের বেশির ভাগ মাদকসেবী বলে এলাকাবাসী জানান। তাদের বিরুদ্ধে কখনোই ব্যবস্থা নেওয়া হয় না।