নাগরিক সুবিধাবঞ্চিত চাটমোহর পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর পৌরসভার বাসাবাড়িতে তিন বছর আগে পানি সরবরাহের সংযোগ দেওয়া হয়। কিন্তু এত দিনেও পানি সরবরাহ করা হয়নি। পর্যাপ্ত নালার ব্যবস্থা নেই। এ ছাড়া জলাবদ্ধতা, বেহাল সড়কসহ পৌরবাসীর ভোগান্তির সীমা নেই।
পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০০৮ সালে উন্নীত করা হয় দ্বিতীয় শ্রেণিতে। এর লোকসংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার। ১৮ কিলোমিটার সড়কের ১১ কিলোমিটারই কাঁচা। এর মধ্যে পৌর সদরের তিন কিলোমিটার প্রধান সড়কসহ পাকাকরণ হয়েছে মাত্র ৭ কিলোমিটার। পানি নিষ্কাশনের জন্য মোট ১৮ কিলোমিটার নালার মধ্যে মাত্র সাত কিলোমিটার পাকাকরণ হয়েছে। ১০টি ডাস্টবিন নির্মাণ করা হলেও অধিকাংশ ভেঙে গেছে। ৪০টি অস্থায়ী ড্রাম দেওয়া হয়েছে। কিন্তু সেগুলোও চুরি হয়ে যাচ্ছে। পানি সরবরাহের জন্য ২০১৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি পানির পাম্প বসানো হয়েছে। কিন্তু পাম্পগুলো চালুর ব্যবস্থা করা হয়নি।
পৌর এলাকার দশ-বারোজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুৎ মোড় থেকে সরকারের মোড় পর্যন্ত পৌরসভার প্রধান তিন কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে। এ ছাড়া কাঁচা সড়কগুলোতে কাদা হয়। পৌরবাসীকে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হয়। পর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডাস্টবিনের অভাবে ময়লা-আবর্জনা জমছে যেখানে-সেখানে।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, পৌর এলাকার অধিকাংশ মানুষ ব্যবসা করে। আগে বড়াল নদ দিয়ে নৌকায় মালামাল আনা-নেওয়া চলত। কিন্তু এখন পুরো ব্যবসা-বাণিজ্য সড়কনির্ভর হয়ে পড়েছে। পৌর এলাকার সড়কগুলো দ্রুত সংস্কার করা দরকার।
পৌর এলাকার কর্মকারপাড়া মহল্লার রত্না রায় বলেন, ‘ভোটের সময় মেলা কথা শুনি কিন্তু পরে আর কিছুই হয় না। তিন বছর আগে ট্যাকা জমা দিয়া পানির লাইন নিছি। এখনো পানি পাই নাই।’
পৌর মেয়র মীর্জা রেজাউল করিম বলেন, পৌর এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে ছিল। সম্প্রতি পৌরসভার তত্ত্বাবধানে নিয়ে প্রকল্প দেওয়া হয়েছে। নতুন নালা ও ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পানির পাম্পগুলো চালু করতে কমপক্ষে এক হাজার সংযোগ দিতে হয়। এত সংযোগ পাওয়া যায়নি। এ কারণে পানি সরবরাহ করা যাচ্ছে না।