নাগরিক সুবিধাবঞ্চিত সিলেটের তিন পৌরসভার বাসিন্দারা
সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজার—এই তিন পৌরসভায় যথাযথ নাগরিক সুবিধা পাচ্ছেন না পৌরবাসী। ভাঙাচোরা রাস্তাঘাট, অপর্যাপ্ত স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিনের অভাবসহ নানা সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন ওই তিন পৌরসভার বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে তারা।গোলাপগঞ্জ: পৌরবাসী জানান, পানির সংকট, জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকা ও ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে তাঁরা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া পৌরসভার বেশির ভাগ রাস্তাই কাঁচা। বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষের কাছে রাস্তাগুলো পাকাকরণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি পৌরসভার অনেক এলাকায় বৈদ্যুতিক সংযোগ না থাকায় সেখানকার লোকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল জানান, কিছু এলাকায় বৈদ্যুতিক সংযোগ আছে, কিছু এলাকায় নেই। কিছু এলাকায় গ্যাস সংযোগ আছে, কিছু এলাকায় নেই। এতে করে পৌরবাসী নাগরিক সুবিধার ক্ষেত্রে চরম বৈষ্যমের শিকার হচ্ছেন। পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ বলেন, ‘পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। অন্য যেকোনো সময়ের চেয়ে পৌরবাসী এখন প্রচুর নাগরিক সুবিধা পাচ্ছেন। যেসব এলাকায় বিদ্যুৎ ও গ্যাস যায়নি, সেসব এলাকায় নতুন সংযোগ স্থাপনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হয়েছে। আর পানির সংকট নিরসনের ব্যাপারে জাইকা প্রকল্পের মাধ্যমে আগামী বছরের মধ্যে একটি প্রকল্প শেষ হবে। তখন আর পানির সংকট থাকবে না।’বিয়ানীবাজার: ‘বছর বছর পৌরসভাকে কর দিয়ে যাচ্ছি। কিন্তু সেবা পাচ্ছি কই?’ সঠিক নাগরিক সেবা না পাওয়ার অভিযোগ করে এ রকমই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন খাসা গ্রামের বাসিন্দা, সংস্কৃতিকর্মী এবাদ আহমদ। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার কসবা, ইমামবাড়ি, বড়দেশ, নয়াগ্রাম, কাটারিপাড়া, সুপাতলা, নিদনপুর, দাসগ্রামসহ অন্তত ১২টি এলাকার রাস্তার বেহাল দশা। এসব রাস্তার কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে।পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এসব রাস্তা সংস্কারে পৌর কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না। সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। কোনো কোনো এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেটি প্রয়োজনের তুলনায় খুবই দুর্বল। এ ছাড়া সড়কবাতির অপ্রতুলতা, জলাবদ্ধতা এবং গণশৌচাগার না থাকাও অন্যতম সমস্যা বলে এলাকাবাসী জানিয়েছেন।এসব অভিযোগ সম্পর্কে কথা বলতে পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।জকিগঞ্জ: এ পৌরসভার বাসিন্দারা জানান, ফেচরি, হাইদ্রাবন, খলাছড়া ও আটগ্রাম এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। এ কারণে এ রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত থাকে। এতে তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া প্রায় সারা বছরই দিনে-রাতে মশার উৎপাত লেগেই আছে। এ ব্যাপারে পৌরসভার মেয়র আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নাগরিক সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছে। সমস্যাগুলো চিহ্নিত করে এসব দুর্ভোগ দূরীকরণে আমরা শিগগিরই উদ্যোগ নেব।’