নাগরিক সুবিধায় পিছিয়ে বছিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরের বছিলার প্রধান সড়কটি​ খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল দুপুরের l জাহিদুল করিম
মোহাম্মদপুরের বছিলার প্রধান সড়কটি​ খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল দুপুরের l জাহিদুল করিম

শহুরে কোলাহলমুক্ত, সবুজের সান্নিধ্যে গড়ে ওঠা বছিলার বাসিন্দারা এখনো পাননি সব নাগরিক সুবিধা। মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর পারের এলাকা বছিলায় প্রবেশের প্রধান সড়কটি খানাখন্দে ভরা। সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও পরিচ্ছন্নতাকর্মী আসে না, মশার ওষুধও ছিটানো হয় না।
মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সেতুর নিচ দিয়ে বছিলায় প্রবেশের প্রধান সড়কটি ভাঙা। মাটির তৈরি রাস্তাটিতে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চার-পাঁচ বছর ধরেই সড়কটি বেহাল। শুকনো মৌসুমে দুর্ভোগ কম হলেও সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মাঝে মাঝেই সড়কের ভাঙা অংশে দুর্ঘটনা ঘটে।
গত শুক্রবার এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম নিজের মুঠোফোনে তোলা একটি ছবি দেখান। তাতে দেখা যায়, ৮ জুন সড়কের খানাখন্দে জমে থাকা বৃষ্টির পানিতে একটি ভ্যানগাড়ি উল্টে আছে। মিনহাজুল জানান, দুর্ঘটনায় ভ্যানের চালক আহত হন। এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে।
সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার জন্য বছিলা এলাকার লোকজন গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে একটি স্মারকলিপি জমা দেন। প্রায় দেড় হাজার লোক স্মারকলিপিতে স্বাক্ষর করেন। কিন্তু সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া দক্ষিণপাড়া এলাকার ভেতরের সড়ক ভাঙা ও পানিনিষ্কাশনব্যবস্থা নেই।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, বছিলা প্রধান সড়ক সংস্কারে এলাকাবাসী যখন স্মারকলিপি দিয়েছিলেন, তখন বাজেট পাওয়া যায়নি। কয়েক দিন আগে সড়কটি সংস্কারের টেন্ডার হয়েছে। ঈদের আগেই সংস্কারের কাজ শুরু হবে।
বছিলার বাসিন্দারা মশার উপদ্রবে অতিষ্ঠ। এলাকার ডোবাগুলোতে কচুরিপানা, ময়লা-আবর্জনা জমে থাকায় এগুলো পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্রে। বাসিন্দাদের অভিযোগ, ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের পর দু-এক দিন মশার ওষুধ দেওয়ার পরে মশা নিয়ন্ত্রণে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এলাকার অনেক জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকে। মশার কামড়ে ঘরের ভেতরে বসা যায় না। দু-একবার লোকদেখানো ওষুধ ছিটানো হয়েছিল। অনেক দিন ধরে তা-ও বন্ধ।
বছিলা এলাকার বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি অস্থায়ী ময়লা সংগ্রহের জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দেখা যায়, বুদ্ধিজীবী সেতুর নিচে বছিলায় প্রবেশের মুখেই এসটিএস নির্মাণের কাজ চলছে। ঈদের আগেই নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বছিলা এলাকায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি সরকারি উচ্চবিদ্যালয় আছে। এই বিদ্যালয়গুলোর ফল তেমন ভালো না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয় ও কোচিংয়ে পড়ে বলে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়।
এ বিষয়ে বছিলা হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আগে যোগাযোগব্যবস্থা খারাপ ছিল। মানসম্পন্ন শিক্ষক পাওয়া যেত না। তবে বর্তমানে শিক্ষার মান মোটামুটি। শিক্ষার্থীও আছে। সরকারের টাকায় ভবনের উন্নয়নকাজ চলছে।’
সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও বছিলায় পরিচ্ছন্নতাকর্মী আসে না। এলাকাবাসী জানান, কাউন্সিলরকে পরিচ্ছন্নতাকর্মীর বিষয়ে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে কাউন্সিলর তারেকুজ্জামান বলেন, প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতাকর্মী কম। বছিলা এলাকাটি বেশ দূরে বলে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী পাঠানো যায় না। নতুন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হলে নিয়মিত পাঠানো হবে।