নাগরিক সুবিধায় পিছিয়ে, রাজস্ব আদায়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় শ বছরের পুরোনো হবিগঞ্জ পৌরসভা প্রতিবছর কর আদায়ের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ সফল। অথচ পৌরসভায় নেই পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা। ৬০ শতাংশ বাসিন্দাই পৌরসভার সরবরাহ করা পানি থেকে বঞ্চিত। রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশনব্যবস্থাও বেহাল।
হবিগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, এটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি ‘ক’ শ্রেণির। এর লোকসংখ্যা বর্তমানে লক্ষাধিক। আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
পৌরসভায় ২০০৫ সাল থেকে চলতি মেয়াদ পর্যন্ত ১০ বছর মেয়র পদে দায়িত্ব পালন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ। জি কে গউছ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ও সাম্প্রতিককালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। তাঁর আগে টানা ২৫ বছর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।
পৌরবাসীর অভিযোগ, গউছ ও শহীদ উদ্দিন ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকলেও পৌরসভায় প্রকৃত নাগরিক সুবিধা তৈরি হয়নি। ‘ক’ শ্রেণির এই পৌরসভার উন্নয়নে কোনো মহাপরিকল্পনা তৈরি হয়নি। নাগরিক সুযোগ-সুবিধা না বাড়ায় পৌরবাসীর ক্ষোভ দিন দিন বেড়েছে।
শহরের ব্যবসায়ী সমর রায় বলেন, শহরে এমন কোনো রাস্তা নেই, যেটা ভাঙাচোরা না। পৌরসভার সরবরাহকৃত পানি থেকে অধিকাংশ পৌরবাসী বঞ্চিত। পয়োনিষ্কাশনব্যবস্থা বেহাল।
হবিগঞ্জ পৌরসভা প্রতিবছর তার নাগরিকদের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ সফল হয়েছে। গত বছর প্রায় দেড় কোটি টাকার কর আদায় হয়েছে এই পৌরসভায়।
পানি পান না বাসিন্দারা: লক্ষাধিক পৌরবাসীর মধ্যে মাত্র দুই থেকে আড়াই হাজার গ্রাহক দুটি পৌর পানি সরবরাহ কেন্দ্রের মাধ্যমে পানি পাচ্ছেন। এখনো ৬০ শতাংশ মানুষ এই পানি পাচ্ছে না। তবে পৌরসভার দাবি, তারা অর্ধেক এলাকায় এই পানি সরবরাহ করছে।
আবার কিছু এলাকায় পানির লাইন থাকলেও পানি সরবরাহ করা হচ্ছে না। শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, তিনি গ্রাহক হয়েছেন দুই বছর আগে। প্রথম দিকে পানি পেতেন, এখন একেবারেই বন্ধ আছে তাঁর এলাকায় পানি সরবরাহ। পানি পান বা না পান, প্রতি মাসে ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে।
ভাঙাচোরা রাস্তাঘাট: হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, শহরে পাকা সড়ক আছে প্রায় ২৮ কিলোমিটার। আধা পাকা আছে ৩৬ কিলোমিটার আর কাঁচা ২৩ কিলোমিটার। পাকা সড়কের ৯০ শতাংশ পাড়া-মহল্লায় হলেও সড়কগুলোর প্রায় ৮০ শতাংশই ভাঙাচোরা। সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার সড়কগুলোর কার্পেটিং ও পাথরের খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
নিউ মুসলিম কোয়ার্টারের অধিবাসী আইয়ুব হোসেন বলেন, দীর্ঘদিন তাঁদের রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী নিজেদের অর্থে রাস্তা মেরামত করেছেন।
বেহাল পয়োনিষ্কাশনব্যবস্থা: পৌরসভার হিসাব অনুযায়ী অর্ধশত কিলোমিটার পয়োনিষ্কাশনব্যবস্থা রয়েছে। হবিগঞ্জ শহরের প্রধান রাস্তার দুই পাশে ১৯৮৮ সালের পর নতুন করে আর নালা নির্মাণ করা হয়নি। দেখা গেছে, প্রধান সড়কের পাশে যে নালাগুলো আছে, তার এখন অস্তিত্ব বিলীন হওয়ার পথে। সবচেয়ে বড় সমস্যা শহরের পয়োনিষ্কাশনের নালাগুলোর একটির সঙ্গে আরেকটির সংযোগ না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানি উপচে রাস্তায় এসে জমে থাকে।
এ ছাড়া শহরের ব্যাকরোড বা পিটিআই সড়কটি সম্পূর্ণ পৌরসভার মালিকানাধীন হলেও এর দুই পাশে পয়োনিষ্কাশনব্যবস্থা নেই বললেই চলে। এ ছাড়া পাড়া-মহল্লায় পয়োনিষ্কাশনের নালা থাকলেও সেগুলো আঁকাবাঁকা।
ময়লা-আবর্জনায় সয়লাব: পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এলাকার নাগরিকেরা যেখানে-সেখানে ময়লা ফেলছেন, তেমনি পৌরসভাও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলে দুর্বিষহ করে তুলেছে পরিবেশ।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ময়লার গাড়ির শহরের সব আবর্জনা নিয়ে নবনির্মিত আধুনিক স্টেডিয়ামের সামনে একটি লেকে ফেলছে। এ ছাড়া বাইপাস সড়কের স্থানে স্থানে ময়লা ফেলা হচ্ছে। এমনকি শহরের ওপর দিয়ে প্রবাহিত খোয়াই নদে সরাসরি ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, প্রতিদিন পৌরসভার ময়লার গাড়ি ও ভ্যান দিয়ে ময়লা এনে ফেলা হচ্ছে নদে। এই শহরের পরিবেশ পৌরসভা নিজেই বিনষ্ট করছে বলে তাঁর অভিযোগ।
এসব সমস্যার বিষয়ে হবিগঞ্জ পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শিগগিরই তাঁরা কিছু কিছু এলাকায় রাস্তার কাজ শুরু করবেন এবং ডিসেম্বরেই দরপত্র আহ্বান করা হবে। শহরতলির আতুকুড়া এলাকায় কিছু জায়গা ক্রয় করেছিলেন ময়লা ফেলার জন্য। সেখানকার অধিবাসীদের বাধার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। পানি সরবরাহ সমস্যা কমাতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এটির কাজ শেষ হলে পানির সমস্যা কাটবে।