নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত
ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার সাত দিন পরও দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু হয়নি। ফলে দৈনন্দিন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।ঢাকা দক্ষিণ করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কাকে কোথায় বদলি করা হবে, কে কী দায়িত্ব পালন করবেন—এসব নিয়ে কোনো নির্দেশনা আসেনি।ওয়ার্ড কাউন্সিলরদের পদগুলো বিলুপ্ত হয়েছে। কিন্তু জাতীয়তা সনদ, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ প্রভৃতি নেওয়ার জন্য প্রতিদিন শত শত মানুষ করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে যান। তাঁরা কার কাছে যাবেন, ওই কাজগুলো কে করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।সাধারণ ওয়ার্ড নম্বর ৩১-এর সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন লাভলু বলেন, সাধারণ মানুষ জরুরি ভিত্তিতে কাউন্সিলরদের কাছ থেকে জন্মনিবন্ধন সনদ নেয়। স্কুলে ভর্তির মৌসুম হওয়ায় এখন প্রতিদিনই অভিভাবকেরা আসছেন। তাঁরা বুঝতে চাইছেন না যে কাউন্সিলররা এসব কাজ আপাতত করতে পারবেন না।ঢাকা দক্ষিণ করপোরেশন কার্যালয়ে গতকাল তাঁতীবাজারের বাসিন্দা মহাদেব পাল বলেন, ‘মেয়েদের স্কুলে ভর্তির জন্য দুই দিনের মধ্যে জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। কিন্তু ১৫ দিন পর আসতে বলেছেন।’সাধারণ ওয়ার্ড নম্বর ৮-এর সাবেক কাউন্সিলর ফেরদৌসী আহম্মেদ মিষ্টি বলেন, ‘আমার এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সন্তানেরা ব্যাংক থেকে টাকা তোলার জন্য ওয়ারিশ সনদ নিতে এসেছিলেন। কিন্তু দিতে পারিনি।’কয়েকজন কাউন্সিলর বলেন, একটা বাতি নষ্ট হওয়া থেকে শুরু করে চারিত্রিক সনদ দেওয়া পর্যন্ত স্থানীয় পর্যায়ে সব কর্মকাণ্ডই তাঁরা করেন। নাগরিক সেবা অব্যাহত রাখতে ডিসিসির বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের মধ্যে এখনই দায়িত্ব বণ্টন করা দরকার।গতকাল বিকেলে ঢাকা উত্তর করপোরেশনের কার্যালয় ৮১ গুলশান এভিনিউতে গিয়ে দেখা যায়, গুটিকয়েক কর্মী অফিস ঝাড়া-পোঁছার কাজ করছেন। এখন পর্যন্ত সেখানে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনে প্রকৌশল, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, সম্পত্তিসহ মোট ১৩টি শাখা আছে। ঢাকা উত্তর কার্যালয়ে এর কিছুই নেই। সব কর্মকর্তার বসার মতো কক্ষও ভবনটিতে নেই।ঢাকা দক্ষিণ করপোরেশনের বাস টার্মিনাল শাখায় কথা বলে জানা যায়, দুটি করপোরেশনেরই তদারকি এখনো তাঁরাই করছেন। অন্যান্য বিভাগেরও একই অবস্থা।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন। এরপর তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো, সিটি করপোরেশন নাগরিকদের যে সেবা দিত, তা অব্যাহত রাখা। কাজ শুরু করলাম। আপনাদের সকলের সহযোগিতা চাই।’আগেই যোগ দেওয়া ঢাকা দক্ষিণ করপোরেশনের প্রশাসক মো. খলিলুর রহমান গতকাল বুধবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।কথা বলতে মানা: করপোরেশন কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কথা বলার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে একটি চিঠি ইস্যু করেছে। চিঠিতে নীতিনির্ধারণী বিষয়ে ঢালাওভাবে গণমাধ্যমে বক্তব্য দেওয়া কর্মচারী আচরণ ও শৃঙ্খলাপরিপন্থী বলে মন্তব্য করা হয়েছে।