মিরপুরের মাজার রোডের দালালের মাধ্যমে ছোট বোন রিনা আক্তারকে সাত মাস আগে জর্ডান পাঠিয়েছিলেন খালেদা আক্তার। এক মাস ধরে বোনের কোনো খোঁজ পাচ্ছেন না। বোনের বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন খালেদা এক আত্মীয়কে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মিরপুরের দারুস সালাম থানায় এসেছেন অভিযোগ জানাতে। বেলা সাড়ে তিনটা থেকে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন।
থানার কর্তব্যরত এসআই সাইফুল ইসলাম তাঁকে প্রথমেই বললেন, মাজার রোড এলাকা তাঁর থানার অধীনে নয়। আরও কিছুক্ষণ কথা বলার পর খালেদাকে বলেন, এ বিষয়ে ওসি সঙ্গে কথা না বলে কিছু করা যাবে না। গতকাল সোমবার থানা থেকে বেরিয়ে খালেদা প্রথম আলোকে জানান, থানায় তিনি তাঁর অভিযোগ দায়ের করতে পারেননি। খালেদা আক্তারের অভিযোগ কেন গ্রহণ করা হয়নি, সে সম্পর্কে সাইফুল ইসলাম জানান, ‘ওনারা (খালেদা ও তাঁর আত্মীয়) থাকেন ফতুল্লায়। তাই প্রথমে বলেছিলাম, ওনাদের মামলা এই থানার অধীনে হবে না। বিষয়টিতে জটিলতা থাকায় এ নিয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেছি।’
কোনো বিষয়ে অভিযোগ বা মামলা করতে হলে ওসির সঙ্গে কথা বলা আবশ্যক কি না, জানতে চাইলে ওসি সেলিমুজ্জামান বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। যে কর্মকর্তা ছিলেন, উনি নতুন এসেছেন বলে হয়তো সব কথা গুছিয়ে বলতে পারেননি। ওই নারী আবার এলে অবশ্যই তাঁর অভিযোগ নেওয়া হবে।’
গতকাল সরেজমিনে দেখা গেল, দারুস সালাম থানার মধ্যে ঢুকলে প্রথমেই কর্তব্যরত কর্মকর্তার কক্ষ। দেয়ালে ঝুলছে সিটিজেন চার্টার (নাগরিক সেবার তালিকা)। নাগরিক হিসেবে এই থানা থেকে কী কী সুযোগ পাওয়া যাবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার নির্দেশনা রয়েছে এতে। কর্তব্যরত কর্মকর্তা মামলা নিতে অপারগতা প্রকাশ করলে তার প্রতিকার হিসেবে কোনো ব্যক্তি কী পদক্ষেপ নিতে পারবেন, তা-ও উল্লেখ আছে।
দেখা গেল, নাগরিক সুযোগ-সুবিধার অনেক কিছুই এই থানায় অনুপস্থিত। প্রতি থানার সামনে এলাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনারের ফোন নম্বরসংবলিত যে তালিকা থাকার কথা, তা নেই। এই এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে থানার ট্রাফিক বিভাগের কী কার্যক্রম চলছে, সে বিষয়েও কোনো তালিকা চোখে পড়েনি। থানা চালু হয়েছে আট বছর আগে। এখনো আহত বা মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের সাহায্যার্থে ভিকটিম সাপোর্ট সেন্টার তৈরি হয়নি। দ্রুত সেবা দেওয়ার জন্য বিশেষায়িত কার্যক্রম ওয়ান-স্টপ সার্ভিসও নেই।
থানার সামনে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে দেখা যায়, মানসিক অসুস্থতার শিকার এক নারীকে তুলে দেওয়া হচ্ছে এক এনজিওর হাতে। বিধান অনুযায়ী, নারী পুলিশ সদস্যদের এই কাজে সহায়তা করার কথা। কিন্তু দেখা যায়, কর্তব্যরত পুরুষ কনস্টেবলদের একজন ওই নারীর হাত ধরে তাঁকে সিএনজি স্কুটারে তুলে দিচ্ছেন।
সেলিমুজ্জামান বলেন, ‘আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ কাজটা করারই চেষ্টা করি। ওই নারীকে উদ্ধারের পর আমাদের কাছে দেওয়া হয়। সারা রাত আমরা তাঁকে নারী পুলিশ সদস্যদের পাহারায় রেখেছি। যখন এনজিওর কাছে হস্তান্তর করা হলো, তখন নারী পুলিশ সদস্যরা ছিলেন না।’