২০০২ সালে বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের একটি অংশ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়। কিন্তু দীর্ঘ ১৩ বছরেও সেখানকার দুটি গ্রামের নাগরিক সুবিধা বাড়েনি। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। উল্টো সিটি করপোরেশনের কর গুনতে হচ্ছে বাসিন্দাদের। দিতে হচ্ছে নানা সেবামূলক বিল। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
ওই দুটি গ্রামের নাম করমজা ও ঘুনি করমজা। গ্রাম দুটি সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। প্রায় আট হাজার মানুষের বসবাস এখানে। তাদের অভিযোগ, ১৩ বছরে কোনো সেবা বাড়েনি। উল্টো তাদের কর দিতে হয় ছয়-সাত গুণ বেশি। এত দিনেও নাগরিক সেবার কোনো ব্যবস্থা করেনি সিটি করপোরেশন। এমনকি প্রাথমিক চিকিৎসার জন্যও ছুটতে হয় নগরে।
২৪ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, করমজা ও ঘুনি করমজার ঘরে ঘরে সিটি করপোরেশনের হোল্ডিং নম্বরের প্লেট লাগানো। সেসব প্লেটে লেখা করমজা সড়ক। অথচ অধিকাংশ বাড়িতে যেতে কোনো সড়ক চোখে পড়েনি। ফসলি জমি বা ভিটেমাটির ওপর দিয়ে চলাচল করতে হয়। মূল রাস্তায় উঠতে হয় সাঁকো পার হয়ে বা নৌকায় চড়ে।
ঘুনি করমজা গ্রামের আফজাল হোসেন জানান, গ্রামটি ইউনিয়ন থেকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও এখনো কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। বর্ষায় নৌকায় করে বা কাদাপানি ডিঙ্গিয়ে চলতে হয়।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা নেই অথচ তাঁদের সড়কবাতি বাবদ কর গুনতে হয়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল ইসলাম বলেন, ওয়ার্ডের করমজা ও আশপাশের গ্রামের পাঁচ থেকে সাত হাজার বাসিন্দার বিদ্যুৎ ও পানির সমস্যা প্রকট। রাস্তা নেই। সিটি করপোরেশন থেকে উন্নয়নের কথা বললেও বাস্তবে তা হচ্ছে না।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল জানান, ২৭ নম্বর ওয়ার্ডসহ সিটি করপোরেশনের বর্ধিত অঞ্চলের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। কিন্তু এখনো বরাদ্দ আসেনি। তাই ওই সব এলাকায় কাজ করা যাচ্ছে না। বরাদ্দ এলে রাস্তা তৈরি, বিদ্যুৎ ও পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।