নাগরিক হয়ে ভারতে দাফন জন্মভূমিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগরিকত্ব নিয়ে প্রায় দেড় মাস আগে বাংলাদেশ ছাড়েন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ১১২ বাঁশকাটা ছিটমহলের এয়াকুব আলী ওরফে ভুট্টু (৩৪)। কিন্তু ভারতের একটি অস্থায়ী শিবিরে তিনি অসুস্থ হয়ে ১০ জানুয়ারি শিলিগুড়ির একটি হাসপাতালে মারা যান।
গত বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে পাটগ্রাম উপজেলা প্রশাসনের কাছে তাঁর লাশ হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম ও ভারতের পক্ষে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার এসডিও রঞ্জন কুমার ঝা এবং বাংলাদেশের পুলিশ ও ভারতের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এয়াকুব আলীর পরিবারের লোকজনও সেখানে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ভারতের নাগরিকত্ব নিয়ে গত ২৯ নভেম্বর বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে চলে যান এয়াকুব। বাংলাদেশে রেখে যান স্ত্রী লাভলী আকতার, দুই মেয়ে সোহাগী ও সোহানাকে। সেখানে গিয়ে অস্থায়ী আশ্রয়শিবিরে বেশ ভালোই দিন কাটছিল এয়াকুবের। কিন্তু হঠাৎ করে গত ২১ ডিসেম্বর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন। শিলিগুড়ির একটি হাসপাতালে ১০ জানুয়ারি মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে থাকা পরিবারের লোকজন উপজেলা প্রশাসনের কাছে লাশ ফেরত চেয়ে আবেদন করেন। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করে ভারতীয় প্রশাসন।
লাশ হস্তান্তরের সময় উপস্থিত স্বজনেরা কফিনের পাশে আহাজারি করছিলেন। এয়াকুবের দুই কন্যাশিশু সোহানা ও সোহাগীর আহাজারিতে ঘটনাস্থলে উপস্থিত অনেকে তাঁদের চোখের পানি ধরে রাখতে পারেননি।
নিহতের বাবা বদর উদ্দিন বলেন, ‘মুই শত চেষ্টা করেও তাক আটকা করিবার চাইছুনু। কিন্তু বাড়ি, টাকা-পয়সা আর ভালো কাজ পাবে বলেই সে হামাক ছাড়ি ভারোতোত চলি গেই। ছোয়াটাক (ছেলে) কনু হামরা বাংলাদেশের মানষি (মানুষ) তাক বুঝির পাইল না। এলা ছোয়াটার কী হইল? এলা আরও আসিল তা লাশ হয়া আসি। এলা ওর দুটা ছোয়াক আর বনুষক (স্ত্রী) নিয়া কী করিম তা বুঝিবার পাওছো না।’
এয়াকুবের স্ত্রী লাভলী বেগম (২৮) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লোকটা আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল। তাই আমরা সবাই তাক ভারোতোত যাবার বাধা করি তাও বুঝিল না। এলা মোর ছোট ছোট দুটা মেয়েকে নিয়া কী করিম বাহে?’
পাটগ্রামের জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহামুদুনবী বলেন, ওই রাতেই এয়াকুব আলীর লাশ দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম বলেন, মৃত এয়াকুব আলীর লাশটি তাঁর বাংলাদেশে থাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় লোকজন জানান, তিনি প্রায় ২১ দিন অসুস্থ থাকার পর মারা যান।