ভারতের আসামে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার সেখানে অবস্থানকারী লাখ লাখ শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব গত বুধবার অনুমোদন করেছে। বাংলাদেশ থেকে গত ৪৩ বছরে এসব শরণার্থী ভারতে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বাংলাদেশি নির্দিষ্ট বয়সীদের জন্য ভিসানীতি শিথিল করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কয়েক সপ্তাহ আগে ঘোষণা দেয়। এরপর আসামের রাজ্য সরকার শরণার্থীদের জন্য ইতিবাচক পদক্ষেপ নিল। ১৯৭১ সালের ২৫ মার্চের পর ধর্মীয় নির্যাতন ও বৈষম্যের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে যেসব মানুষ আসামে প্রবেশ করে, তাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হয়। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন থেকে তারা আর বিদেশি হিসেবে গণ্য হবে না। এ-সংক্রান্ত প্রস্তাবটি দুই বছর ধরে ঝুলন্ত অবস্থায় ছিল।
সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও ধারণা করা হয়, আসামে অবস্থানকারী এসব শরণার্থীর সংখ্যা অন্তত ৮৫ লাখ। তাদের অধিকাংশই বাংলাভাষী হিন্দু। এ ছাড়া বৌদ্ধ, গারো, রাজবংশী, আদিবাসী উপজাতি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের লোকজনও অভিবাসী হিসেবে আসামে অবস্থান করছে। রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী রকিবুল হোসেন মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত সাংবাদিকদের পড়ে শোনান। এতে বলা হয়েছে, ‘এসব মানুষকে বিদেশি হিসেবে গণ্য করা উচিত হবে না। বিচার প্রার্থনা ও শিক্ষার সুযোগের মতো মৌলিক মানবাধিকার তাদের দিতে হবে, দেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়া যাবে না এবং নাগরিকত্ব দিতে হবে গুজরাট ও রাজস্থানের মতো, যেখানে একই ধরনের পরিস্থিতিতে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।’
রকিবুল হোসেন আরও বলেন, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ২০১২ সালের ২০ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ওই শরণার্থীদের ব্যাপারে একটি চুক্তির স্মারক জমা দেন। ছয় বছরব্যাপী বিদেশিবিরোধী আন্দোলন বন্ধ করার জন্য ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উপস্থিতিতে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ওই চুক্তি সম্পাদিত হয়।