দ্রুত শিল্পায়নসহ বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে বলা হয়েছে, কোনো বিদেশি বাংলাদেশে ১০ লাখ ডলার বিনিয়োগ বা কোনো স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০ লাখ ডলার স্থানান্তর করলে তিনি বাংলাদেশি নাগরিকত্ব পাবেন। ২০১০ সালের আইনে ৫ লাখ ডলার বিনিয়োগ এবং ১০ লাখ ডলার স্থানান্তর করলে বিদেশিরা নাগরিকত্ব পেতেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় শিল্পনীতি, ২০১৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করে এবং এর ধারাবাহিকতা বজায় রেখেই নতুন শিল্পনীতি করা হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, কোনো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের স্থায়ী ‘রেসিডেন্টশিপ’ পেতে চাইলে তাঁকে ৭৫ হাজার মার্কিন ডলারের পরিবর্তে ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। সম্ভাবনাময় বিদেশি বিনিয়োগকারীকে ন্যূনতম পাঁচ বছরের ‘মাল্টিপল ভিসা’ দেওয়া হবে। সচিব বলেন, বিদেশিরা বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য খুব বেশি আগ্রহী নন। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সুযোগ রাখা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে শিল্প প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে সম্পদ বণ্টনের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, এ লক্ষ্যে সরকারের খাস ও চরের জমি ব্যবহার করে একটি ভূমি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে। তিনি বলেন, ভূমি ব্যাংকের কাছ থেকে ভূমি নিয়ে শিল্পপল্লি প্রতিষ্ঠা করা হবে।
বিভিন্ন শিল্পের সংজ্ঞা সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৫০ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগকারী শিল্প এবং তিন শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হলে সেটি হবে ভারী শিল্প। অন্যদিকে সেবা খাতে ৩০ কোটি টাকার অধিক বিনিয়োগ এবং ১২০ জনের বেশি শ্রমিকের কর্মসংস্থান হলে বড় শিল্প, পাশাপাশি উৎপাদন খাতে ১৫ কোটি টাকার বেশি বিনিয়োগ এবং ২২১ জনের বেশি শ্রমিকের কর্মসংস্থান হলে সেটি হবে মাঝারি শিল্প। এ ছাড়া সেবা খাতে ২ থেকে ৩ কোটি টাকা বিনিয়োগ এবং ৫১ থেকে ১২০ জন শ্রমিকের কর্মসংস্থান হলে সেটিও মাঝারি শিল্প হিসেবে বিবেচিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, উৎপাদন খাতে ৭৫ লাখ থেকে ১৫ কোটি টাকার বেশি বিনিয়োগ হলে এবং ৩১ থেকে ১২০ জন শ্রমিকের কর্মসংস্থান হলে সেটি ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য হবে। অপরদিকে সেবা খাতে ১০ লাখ থেকে ২ কোটি টাকা বিনিয়োগ এবং ১৬ থেকে ৫০ জন শ্রমিকের কর্মসংস্থান হলে সেটিও ক্ষুদ্র শিল্প হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র, ছোট ও কুটিরশিল্প প্রতিষ্ঠার জন্য উৎসাহ দেওয়ার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের আর্থিক সুবিধা ও সহায়তা প্রদান করবে।
বৈঠকে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধনী) আইন, ২০১৬’ আইন মন্ত্রণালয়ের আইনি মত (ভেটিং) সাপেক্ষে নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে ট্রাস্টের বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে আসা। বিদ্যমান আইনে কেবল স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার যোগ্য।
বৈঠকে ‘সেনানিবাস আইন, ২০১৬’ উপস্থাপন করা হয়। ক্যান্টনমেন্ট অ্যাক্ট, ১৯২৪ অনুবাদ এবং কিছু সংযোজন ও বিয়োজন করে আইনটি পেশ করা হয়েছে। পর্যালোচনার পর মন্ত্রিসভা এটি বিশ্লেষণ করে আবার উপস্থাপন করতে বলেছে।