নাগরিকত্ব বিল নিয়ে আরও বিবেচনার সিদ্ধান্ত ভারতের
নাগরিকত্ব বিল আরও বিবেচনার জন্য সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হলো। গতকাল বৃহস্পতিবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের দাবি মেনে এই সিদ্ধান্ত নিতে রাজি হন। এই সিদ্ধান্তের ফলে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে আসা প্রায় দুই লাখ সংখ্যালঘুকে ভারতের নাগরিকত্ব দেওয়া সম্ভব হবে না।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ভারতে চলে এসে এ দেশের নাগরিকত্ব পেতে আগ্রহী, তাঁদের জন্যই নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে এই বিল সংসদে উত্থাপন করা হয়। বিলে প্রস্তাব করা হয়, এই দেশগুলো থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে ভারতে থাকার মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৭ বছর করা হোক। অর্থাৎ সাত বছর ভারতে থাকলেই এই তিন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু ভারতীয় বংশোদ্ভূত মানুষজন ভারতীয় নাগরিকত্বের অধিকার অর্জন করবেন।
গতকাল লোকসভায় দলমত-নির্বিশেষে সদস্যরা দাবি জানান, এই বিল আরও বিবেচনার জন্য সিলেক্ট কমিটি কিংবা যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠানো হোক। নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এই প্রস্তাবিত বিল বৈষম্য সৃষ্টি করবে কি না, তা ভেবে দেখা দরকার। বিজু জনতা দলের ভতহরি মহতাব বলেন, ভারত শত শত বছর ধরে সব ধর্মের অত্যাচারিত ব্যক্তিদের আশ্রয় দিয়ে এসেছে। এই বিল সেই পরম্পরায় বৈষম্য সৃষ্টি করতে পারে। সিপিএমের মহম্মদ সেলিম, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এই অভিমত সমর্থন করেন। লোকসভায় উপস্থিত রাজনাথ সিং বিরোধীদের এই দাবি মেনে নেন। সংসদের বাদল অধিবেশন শেষ হচ্ছে আজ শুক্রবার।
লোকসভার নির্বাচনের সময় থেকেই প্রতিবেশী দেশগুলো থেকে বিভিন্ন কারণে চলে আসা সংখ্যালঘু ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে বিজেপি সরব হয়। সেদিক থেকে দেখতে গেলে এই বিল বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি।