নাগরিকত্ব যাচাইয়ে বিশেষ ইউনিট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে বিশেষায়িত ইউনিট হচ্ছে। ছবি: রয়টার্স ফাইল ছবি
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে বিশেষায়িত ইউনিট হচ্ছে। ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরানোর লক্ষ্যে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) তত্ত্বাবধানে একটি বিশেষায়িত ইউনিট হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে গড়া ওই ইউনিট ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের কাছ থেকে ওই ব্যক্তিদের তালিকা তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে তাঁদের নাগরিকত্ব যাচাই করবে। তালিকায় থাকা লোকজনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাঁদের দেশে ফেরানো হবে।

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন রোধসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে তাঁর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

মূলত ইউরোপ থেকে অবৈধ লোকজনকে ফেরাতে সম্প্রতি ইইউর সঙ্গে সই হওয়া মানসম্মত পরিচালনা পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর—এসওপি) বাস্তবায়নের বিষয়টি টাস্কফোর্সের গতকালের সভায় গুরুত্ব পায়। কারণ, গত মাসের শেষ সপ্তাহে এসওপি সইয়ের পর এটি বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপগুলো এ সপ্তাহে ইইউকে জানানোর পরিকল্পনা আছে।

বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে বলেন, নাগরিকত্ব যাচাইয়ের জন্য এসবির নেতৃত্বে বিশেষ ইউনিট এবং ইউরোপ থেকে দেশে ফেরার পর বাংলাদেশিদের আর্থসামাজিকভাবে কোন প্রক্রিয়ায় সহায়তা করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ফেরত আসা লোকজনকে আর্থসামাজিকভাবে আত্মীকরণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছে। মূলত ইইউর পক্ষ থেকে আইওএম এই সহযোগিতা দেবে।

ইউরোপে অবৈধ হয়ে পড়া লোকজনের নাগরিকত্ব যাচাই কীভাবে হবে—জানতে চাইলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নাগরিকত্ব যাচাইয়ের জন্য এসবিতে একটি তথ্যভান্ডার করা হবে। ওই তথ্যভান্ডারে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) তথ্য-উপাত্ত, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের তথ্য এবং পাসপোর্ট অধিদপ্তরের তথ্যভান্ডারের তথ্য যুক্ত থাকবে। ফলে তালিকা পাওয়ার পর এসবির তথ্যভান্ডারে ওই নামগুলো মিলিয়ে দেখা হবে। আর নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাঁদের ফেরত আনা হবে।

ওই কর্মকর্তা বলেন, এসবির নেতৃত্বে বিশেষ ইউনিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর ইউরোপ থেকে লোকজনকে ফেরানোর জন্য আরেকটি ইউনিট গঠন নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো তা চূড়ান্ত হয়নি।

গত ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ইইউর অভিবাসনবিষয়ক মন্ত্রী দিমিত্রিস আভ্রেমোপোলস এসওপি সই করেন।