নাগরিকত্ব হারানোর আতঙ্কে ২০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটার সংরক্ষিত বনাঞ্চল দেখভালের দায়িত্বে থাকা ২০ পরিবারকে ‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক শুমারি-২০১৬’তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা বাংলাদেশের নাগরিক। এখন তাঁরা নাগরিকত্ব হারানোর ভয়ে আছেন।
পরিসংখ্যান ব্যুরোর পটুয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে সরকার বাংলাদেশে থাকা অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের শুমারি শুরু করে। তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এ তালিকায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৭৬টি পরিবারের নাম রয়েছে।
এদিকে কুয়াকাটার সংরক্ষিত বন দেখভালের দায়িত্বে থাকা ২০ পরিবারকে ৪ জুন অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক হওয়ার কার্ড দেওয়া হয়। তাঁরা তালিকা থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন। বর্তমানে ওই ২০ পরিবারের সদস্যসংখ্যা শতাধিক।
ওই সব পরিবারের চার ব্যক্তি বলেন, ১৯৫০ সালে কুয়াকাটার বনকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। প্রায় চার হাজার একর আয়তনের এ বন দেখভাল করার জন্য কক্সবাজার এলাকা থেকে একজন হেডম্যানসহ ৩১ জন বনপ্রজা এখানে আসেন। তবে বন বিভাগ থেকে তাঁদের কোনো বেতন দেওয়া হয় না। তাঁদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়, বন পাহারা দেওয়ার বিনিময়ে তাঁরা বনের মধ্যে থাকা তিন একর কৃষিজমি ভোগদখল করবেন। এরপর থেকে তাঁদের পূর্বপুরুষেরা এ বনে বসবাস করছেন।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার বলেন, কুয়াকাটা সংরক্ষিত বনের দেখভাল করতে তাঁদের আনা হয়েছে কি না, এর কোনো তথ্য বন বিভাগে নেই। তবে এ ব্যাপারে বন বিভাগ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
তালিকাভুক্ত আবদুল মমিন মোল্লা বলেন, তাঁদের পূর্বপুরুষেরা কক্সবাজারের খুরুশকূল ইউনিয়নের তেঁতুইয়া, ছোনখোলা, ডেইলপাড়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। সেখান থেকে ৬০-৭০ বছর আগ তাঁরা এখানে আসেন। এরপর থেকে তাঁরা এখানে আছেন। তালিকাভুক্ত ২০ পরিবার কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটা, মুসুল্লীয়াবাদ ও মম্বীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেছেন। এরপরও তাঁদের নাম অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক শুমারিতে তোলা হয়েছে।
মজিবুর রহমান, আবদুছ ছালাম, মো. মনির, নজরুল ইসলাম বলেন, তাঁরা বাংলাদেশের নাগরিক। কিন্তু ষড়যন্ত্র করে তাঁদের নাম মিয়ানমারের নাগরিকদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেকোনো সময়ে তাঁরা এ দেশের নাগরিকত্ব হারাবেন। এর সঙ্গে সব সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবেন। তাঁরা মিয়ানমারের নাগরিক শুমারি তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার দাবি জানান।
পরিসংখ্যান ব্যুরোর পটুয়াখালীর উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের নাগরিক না হলে কেউ নাগরিক সুযোগ-সুবিধা পাবে না। তাই কী পরিমাণ অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক এ দেশে আছে, যারা মানবেতর জীবন যাপন করছে—এটা দেখার জন্য এই তালিকা করা হচ্ছে। চিন্তিত হওয়ার কিছু নেই। এ ছাড়া তালিকায় যদি কোনো ভুল থাকে, তা সংশোধন করা যাবে।