নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকবে ফেরার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবে নিজ দেশে ফিরতে পারবে জানে না রোহিঙ্গারা।  ফাইল ছবি
কবে নিজ দেশে ফিরতে পারবে জানে না রোহিঙ্গারা। ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার পর মিয়ানমারের নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাবে। তবে তাদের নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে মিয়ানমারের সেনাবাহিনী নির্দেশিত আইন অনুযায়ী।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। মিয়ানমারের মন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রথম দফায় রোহিঙ্গাদের ‘খুব শিগগির’ রাখাইনে ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে গতকাল কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শিবিরে পুরোনো ও নতুন আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১ হাজার ২০০ জনে।

বাংলাদেশের পথ ধরে মিয়ানমারও এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে চুক্তি করতে যাচ্ছে। ঢাকা সফররত উইন মিয়াত আয়ে বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে চুক্তি করতে আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই এ চুক্তি সই হবে।

প্রসঙ্গত, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আজ শুক্রবার জেনেভায় বাংলাদেশের সঙ্গে ইউএনএইচসিআরের একটি চুক্তি সইয়ের কথা রয়েছে।

প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব পাবে কি না, জানতে চাইলে উইন মিয়াত আয়ে বলেন, ফিরে যাওয়ার পর তাদের (রোহিঙ্গাদের) জাতীয়তা যাচাইপত্র (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড-এনভিসি) দেওয়া হবে। তারা যখন নাগরিকত্বের জন্য আবেদন করবে, তখন তাদের ন্যাশনাল ভেরিফিকেশন প্রসেস (জাতীয়তা যাচাই প্রক্রিয়া) শুরু হবে। আগে এ প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির ছিল। এখন দ্রুততার সঙ্গে এটি করা হচ্ছে।

রাখাইনে নৃশংসতার ঘটনায় মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে উইন মিয়াত আই বলেন, ‘আমাদের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। কেউ যদি আইন লঙ্ঘন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য দুই দেশের সদিচ্ছার প্রয়োজন। আমরা আজ প্রত্যাবাসন প্রক্রিয়ার সমস্যা নিয়ে আলোচনা করেছি। দুই পক্ষ সম্মত হয়েছে যে প্রত্যাবাসন ফরম পূরণ করে যত শিগগির সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হবে।’

মাহমুদ আলী বলেন, ‘মিয়ানমারে যেসব গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলো পুনর্নির্মাণের ওপর জোর দিয়েছি। তাঁরা জানান, অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সেগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন রোহিঙ্গারা ফেরত যাওয়ার পর তাদের কয়েক দিনের জন্য অস্থায়ী শিবিরে রাখা হবে। তারপর তারা তাদের নিজ গৃহে ফেরত যেতে পারবে। রোহিঙ্গাদের জীবনের মান উন্নয়ন এবং জীবিকার জন্য মিয়ানমার যে নতুন উদ্যোগ নিচ্ছে, সেটিও মিয়ানমারের মন্ত্রী উল্লেখ করেছেন।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার কথা বলেছি। কারণ আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের দিকে সীমান্তের জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে অনুরোধ করলে মিয়ানমার কর্তৃপক্ষ রাজি হয়।’

রোহিঙ্গাদের সহায়তা দেবে সৌদি সংস্থা
ইউএনবি জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি সহায়তা দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের (কেএসরিলিফ) মধ্যে একটি চুক্তি হয়েছে। গতকাল কেএসরিলিফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে চুক্তিটি সই করেন দুই পক্ষের কর্মকর্তারা।

নিরাপত্তা পরিষদের সফর শুরু ২৬ এপ্রিল
এএফপির খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্য ১৫ দেশের রাষ্ট্রদূতরা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে ২৬ এপ্রিল বাংলাদেশ ও মিয়ানমার সফর শুরু করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।