নাগরিকত্বের আবেদন নিষ্পত্তিতে ভারতে টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী যাঁরা দরখাস্ত করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাঁদের বিষয়ে দেশটির সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একটি টাস্কফোর্স গঠন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশ-সংক্রান্ত বিভাগের যুগ্ম সচিব এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে।
প্রতিবেশী দেশগুলো থেকে চলে আসা মানুষ, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন নাগরিকত্ব পেতে বহুদিন ধরে অপেক্ষা করছেন। দীর্ঘসূত্রতার কারণে তাঁদের নানা রকম অসুবিধায় পড়তে হয়। কারণ, এঁদের অধিকাংশই দরিদ্র। আর বিষয়টি নিয়ে গতকাল রাজনাথ সিং বৈঠক করেন। সেখানেই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্রের খবর, বিজেপির নির্বাচনী ইশতেহারে এই সমস্যার দ্রুত সমাধানের কথা বলা আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রাক্-নির্বাচনী সভায় বহুবার এই মানুষদের নাগরিকত্ব দ্রুত দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
টাস্কফোর্সের প্রধান কাজ হবে নাগরিকত্বের আবেদন গ্রাহ্য করা। এ জন্য তাঁদের নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। যাঁদের আবেদনপত্র সম্পূর্ণ এবং সবকিছু ঠিকঠাক আছে, তাঁদের আবেদন নিষ্পত্তির কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু করতে হবে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার বিষয়টিও রয়েছে। লক্ষ্য, দুই মাসের মধ্যে আবেদন গ্রাহ্য করা। বিভিন্ন রাজ্যে আবেদন পড়ে রয়েছে এমন নির্দিষ্ট বিষয়গুলোর নিষ্পত্তিতে প্রয়োজনে টাস্কফোর্স অফিসারদের সংশ্লিষ্ট রাজ্যে পাঠানো হতে পারে। যেতে পারেন বিদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট অফিসের কর্মকর্তারাও। উদ্দেশ্য, দ্রুত আবেদন নিষ্পত্তি করা। অনলাইন আবেদনগুলোও টাস্কফোর্স বিবেচনা করবে। যাঁরা নাগরিকত্বের আবেদন করেও পাননি, তাঁদের প্রথমেই যাতে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়, সেই বিষয়টিও টাস্কফোর্স দেখবে।
প্রধানত, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের নাগরিকত্বের আবেদন কেন্দ্র ও রাজ্যস্তরে বিবেচনাধীন। তবে সংখ্যাটি কত, তা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়নি।