নাগরিকত্বের দাবিতে ছিটমহলবাসীর বিক্ষোভ
বাংলাদেশি নাগরিকত্বের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এ দেশে অবস্থিত ভারতের বিভিন্ন ছিটমহলের নাগরিকেরা। গতকাল সোমবার বোদা উপজেলার নাজিরগঞ্জ-দইখাতা ছিটমহলে এ বিক্ষোভ সমাবেশ হয়।
ছিটমহলের অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে ভারত সরকারের উদ্যোগে ছিটমহলবাসীর মধ্যে যাঁরা ভারতে যেতে চান, তাঁদের তালিকা করা হয়েছে। সে সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় ১১১টি ছিটমহলের ১৪৩ জন স্বেচ্ছায় ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে ফরম পূরণ করেন। কিন্তু এখন তাঁরা ভারতে যেতে চান না। তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব চান।
নাজিরগঞ্জ-দইখাতা ছিটমহলের সুশীল চন্দ্র বলেন, ‘ফরম পূরণের সময় বলা হয়েছিল, ভারতে গেলে আট বিঘা জমি, ঘরবাড়ি ও কাজের সংস্থান করে দেবেন। কিন্তু এখন আমরা ভারতে যেতে চাই না। যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে, তাই এ দেশের নাগরিক হয়েই মরতে চাই।’
শালবাড়ী ছিটমহলের হরিদাশ চন্দ্র বলেন, ‘ভারত সরকার জমি, ঘরবাড়ি দেবে বলে ফরম পূরণ করেছিলাম। কিন্তু এখন ভারত সরকার বলছে, আমাদের পুনর্বাসন করবে। তাই আমরা বাংলাদেশের নাগরিকত্ব চাই।’
নাজিরগঞ্জ-দইখাতা ছিটমহলের চেয়ারম্যান আবদুল খালেক জানান, এই ছিটমহলে ভারতে যাওয়ার জন্য ৪১ জনের ফরম পূরণ করা হয়েছে। কিন্তু এখন তাঁরা ভারতে যেতে চান না। তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব চান।
পঞ্চগড়-নীলফামারীর ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান জানান, ২০১১ সালে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বাংলাদেশের ১১১টি ছিটমহলের ১৪৩টি পরিবার ভারতে যেতে চাইলেও এখন তারা যেতে চায় না। দীর্ঘদিনের আন্দোলনের ফলে ছিটমহল বিনিময় এবং ছিটমহলবাসীর দাবি পূরণ হতে চলেছে। বাংলাদেশি ১১১টি ছিটমহলের মানুষের দাবি, তাঁরা বাংলাদেশের নাগরিক হতে চান।