নাগরিকদের কখন হত্যা করা হয়েছে জানতে চায় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন ক্যামেরনের চিঠি *নিরাপত্তা ঢেলে সাজাতে বলছে ইইউ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল দ্বিতীয় দিনের মতো সংবাদ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলাদেশে জাপানি নাগরিক হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। দুই নারীসহ সাতজন জাপানি নাগরিকের হত্যার ঘটনাকে তিনি ক্ষমার অযোগ্য অপরাধ ও লাগামহীন সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে গুলশানের হামলায় ইতালির নয়জন নাগরিক প্রাণ হারানোয় কাল মঙ্গলবার দেশটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ইতালির প্রেসিডেন্ট সের্জো মাতারেল্লা মেক্সিকো সফর সংক্ষিপ্ত করে রোমে ফিরেছেন।

আর নিহত জাপানি নাগরিকদের মৃতদেহ ও তাঁদের পরিবারের সদস্যদের নিতে সে দেশের একটি বিশেষ বিমান ঢাকায় আসছে।

গুলশানের জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বনেতাদের ক্ষোভ ও নিন্দা অব্যাহত রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি লিখেছেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান ইয়েনসেন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন ও কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে বিবৃতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ডেভিড ক্যামেরন বলেন, ওই হামলার ধরন ও ভয়াবহতা বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত। এ থেকে প্রমাণিত হয়, যেসব দেশ অসহিষ্ণুতা প্রত্যাখ্যানের পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সেসব দেশের জন্য হুমকি তৈরি করছে।

ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো সহযোগিতা দেওয়ার কথাও বলেছেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশকে সহযোগিতার জন্য তৈরি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বারাক ওবামার এ অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর বিষয়ে জানতে চাইলে জাপান দূতাবাসের কর্মকর্তা তাকাইউকি কাওয়াকামি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ঢাকায় পৌঁছে সকালে গুলশানের হামলাস্থল ঘুরে দেখেছেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তাকাইউকি কাওয়াকামি জানান, এসব বৈঠকে বর্তমান পরিস্থিতির ব্যাপারে জাপান সরকারের মনোভাব তুলে ধরা হয়েছে। ঘটনার উত্তরণে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় বৈঠকে জাপানের প্রতিনিধিদল তাদের নাগরিকদের কখন হত্যা করা হয়েছে, সময়ক্ষেপণ হয়েছে কি না, জানতে চায়। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনা শুরুর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই জঙ্গিরা লোকজনকে হত্যা করেছে। এরপর তারা বের হওয়ার পথ খুঁজেছে।

অন্য এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই হামলার বিষয়ে খোঁজ নিতে জাপানের সন্ত্রাসবাদ দমন বিভাগের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় এসেছে। সেই সঙ্গে এসেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপৎকালীন সহায়তাবিষয়ক প্রতিনিধিদল। এ ছাড়া বাংলাদেশের আশপাশের দেশে কর্মরত জাপানি মিশন থেকেও কয়েকজন কর্মকর্তা ঢাকায় এসেছেন।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু মনে করছেন, গুলশানে বিদেশি নাগরিকদের নৃশংস হত্যার পর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাঁর মতে, গুলশানের এবারের জঙ্গি হামলাটি একেবারে নতুন মাত্রার এবং এ হামলা কূটনৈতিক এলাকার নিরাপত্তা নতুন করে ঢেলে সাজানোর বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।