নাগরিকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে গত বৃহস্পতিবার এই আহ্বান জানান দপ্তরের মুখপাত্র মার্ক টোনার।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে, ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে সম্প্রতি একের পর এক হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে ইসলামিক স্টেট (আইএস) ও তালেবান জঙ্গিরা। কিন্তু দেশটির সরকার বলছে, এসব হত্যাকাণ্ডের পেছনে আছে সরকারবিরোধী দলগুলো। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আসলে কতটা গুরুতর? জবাবে টোনার বলেন, তিনি এ ধরনের দায় স্বীকারের বিষয়ে জানতে পেরেছেন। আর এ ক্ষেত্রে পরিস্থিতি খুবই জটিল। কারা এসব নৃশংস হামলা করছে, তার তদন্ত করতে হবে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, যেহেতু বিভিন্ন উৎস থেকে দায় স্বীকার করা হচ্ছে। এগুলো বিশ্বাস না করার কোনো কারণ নেই। তবে এটা স্পষ্ট যে হুমকিগুলোর ভিত্তি রয়েছে, যেহেতু গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বৃহস্পতিবার ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ প্রসঙ্গে টোনার বলেন, তিনি (জন কেরি) সাম্প্রতিক হামলাগুলোর তদন্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিয়েছেন, বিশেষ করে নিজেদের একজন কর্মী এবং মানবাধিকারকর্মী (জুলহাজ মান্নান) ও তাঁর বন্ধুকে (মাহবুব তনয়) হত্যার বিষয়ে।