নাগরিকদের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে প্রকল্পের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার শতভাগ নাগরিকের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বর্তমানে মৌলভীবাজার পৌরসভার ৩৫ থেকে ৪০ শতাংশ এলাকার নাগরিক পৌরসভার পানিসুবিধা পাচ্ছেন। প্রায় ৬০ শতাংশ মানুষ নিজস্ব ব্যবস্থাপনায় পানি সংগ্রহ করলেও শুকনো মৌসুমে পানির সংকট তীব্র হয়ে ওঠে। গত রোববার মৌলভীবাজার শহরতলির মাতারকাপন এলাকায় মৌলভীবাজার পৌরসভার ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) ও উচ্চ জলাধার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ।মাঝারি শহর পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হবে। এতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করবে। প্রকল্প বাস্তবায়ন করবে মৌলভীবাজার পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়। পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণ করা হবে পৌরসভার মাতারকাপন এলাকার নিজস্ব ৪ দশমিক ২৩ একর ভূমির ওপর। কাজ শেষ হবে ২০১২ সালের ডিসেম্বর মাসে। পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রথম আলোকে বলেন, ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্ল্যান্ট বাস্তবায়িত হলে পৌর নাগরিককে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে।