ঢাকায় খ্রিষ্ট্রীয় নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক করেছে দেশটি। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ করা ভ্রমণ বার্তায় এ সতর্কতার কথা বলা হয়।
অস্ট্রেলিয়ার বার্তায় বলা হয়, ডিসেম্বরের শেষ দিকে বিশেষ করে নববর্ষ উদ্যাপন সামনে রেখে ঢাকার ক্লাব ও হোটেলগুলোতে সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র গত ২৯ নভেম্বর সতর্ক করেছে। এর পাশাপাশি ৩১ ডিসেম্বর বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন রাত আটটার পর প্রকাশ্যে অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি তল্লাশিচৌকি থাকবে। পশ্চিমাদের ওপর আবার হামলার আশঙ্কা আছে।
অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তাদের রাতে চলাফেরা এড়ানো এবং বার, হোটেল ও বিদেশিরা নিয়মিত উপস্থিত হন; এমন স্থান ও বড় সমাবেশের মতো জনসমাগমের স্থলে নববর্ষের সময় অস্ট্রেলিয়ার নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত।