নাগরিকদের সতর্ক করেছে জাপান দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুনিও হোশির হত্যার পর বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে জাপানি নাগরিকদের সতর্ক করেছে জাপান দূতাবাস। অপ্রয়োজনীয় কাজে বাইরে না যাওয়ার পাশাপাশি হোটেল, সম্মেলনকেন্দ্রসহ বিদেশিরা জড়ো হন—এমন জায়গায় না যেতে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশে জাপান দূতাবাসের ফেসবুক পেজে কুনিও হোশির হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাপানের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে এ সতর্কবার্তা প্রচার করা হয়েছে।
এদিকে কূটনৈতিক একটি সূত্র গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে জানিয়েছে, নিহত কুনিও হোশি সম্পর্কে খোঁজ নিতে বিকেলে জাপান দূতাবাসের এক কর্মকর্তা রংপুর গেছেন।
জাপান দূতাবাসের ফেসবুক বার্তায় অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলা, লোক সমাগম হয় এমন জায়গায় না যাওয়ার পাশাপাশি কোথাও গিয়ে সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল জাপান দূতাবাস কয়েক দফায় হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। কুনিও হোশির ব্যাপারে নানা তথ্য সংগ্রহের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশে অবস্থানরত জাপানের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো নিয়ে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে কুনিও হোশির হত্যাকারীদের দ্রুত বিচারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। প্রথম আলোর প্রশ্নের জবাবে ই-মেইলে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এ অপরাধের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এদিকে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্টের এক অনুষ্ঠানে তাবেলা সিজার ও কুনিও হোশি হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
গতকাল ঢাকায় জাপান দূতাবাসে যোগাযোগ করে জানা গেছে, তাবেলা সিজার খুন হওয়ার এক দিন পর গত ২৯ সেপ্টেম্বর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে পরামর্শ দিয়েছে। ওই পরামর্শ এখনো বলবৎ রয়েছে।
জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা যাঁরা করছেন এবং সেখানে যাঁরা অবস্থান করছেন, তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সতর্কতা আপনারা বজায় রাখবেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ খবরাখবর জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেসব জায়গা সন্ত্রাসীদের হামলার লক্ষ্য হতে পারে, সে রকম জায়গায় যাওয়া এড়িয়ে যাবেন এবং হোটেল, রেস্টুরেন্ট, বিমানবন্দরের মতো জনসমাগমের জায়গায় যেতে হলে খুবই সচেতন থাকবেন। রাতে একা চলাচল করবেন না এবং গাড়িতে যাতায়াতের চেষ্টা করবেন।’
জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক করে দিয়ে গত সপ্তাহে ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করেছিল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। এ দেশগুলোর অনেকেই তাদের আগের ভ্রমণবিষয়ক বার্তা কিছুটা শিথিল করেছে। তবে প্রায় সব দেশই তাঁর দেশের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে। একমাত্র দক্ষিণ কোরিয়া গতকাল তাদের বার্তাটি হালনাগাদ করেছে। দক্ষিণ কোরিয়া দূতাবাসের ওই বার্তায় সে দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে সব সময় সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে বলেছে।