হরতাল ও রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
দূতাবাস ও হাইকমিশনের ওয়েবসাইটগুলো তাদের নাগরিকদের হরতালের সহিংসতার বিষয়টি অবহিত করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার তার নাগরিকদের ভ্রমণসংক্রান্ত সতর্কবার্তা (ট্রাভেল এলার্ট) জারি করে। এতে বলা হয়েছে, বিএনপি ৪ নভেম্বর থেকে ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে। হরতাল পালনের সময় সহিংস ঘটনা ঘটে। হরতালের আগের সন্ধ্যা কিংবা রাতে সহিংসতা ঘটে থাকে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ভ্রমণসংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তাটি গতকাল হালনাগাদ করা হয়। এতে হরতালের আগের সন্ধ্যায় জনসাধারণের চলাচলের স্থানে সহিংস ঘটনার বিষয়টি যুক্তরাজ্যের ভ্রমণকারীদের বিবেচনায় রাখতে বলা হয়েছে।
কানাডা সরকার তার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে গত ২৩ অক্টোবর ভ্রমণ সতর্কবার্তা জারি করে, যা গতকাল পর্যন্ত কার্যকর ছিল। বার্তায় বলা হয়, নাজুক রাজনৈতিক পরিস্থিতির কারণে কানাডার নাগরিকদের যথেষ্ট মাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে। রাজনৈতিক বিক্ষোভ সমাবেশ, হরতাল ও সহিংস সংঘাত ঘটছে। ভবিষ্যতে এসব ঘটার আশঙ্কা রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।