নাগরিকদের সুরক্ষার অজুহাতে বিরোধীদের দমন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিকদের সুরক্ষা দেওয়ার অজুহাতে বাংলাদেশের সরকার বিরোধী রাজনীতিকদের দমন করছে বলে মন্তব্য করেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন। গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার র্যা ব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে ১৫ জানুয়ারি থেকে ‘যৌথ বাহিনী’ মোতায়েন করে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এর আওতায় দেশের উত্তরাঞ্চলে বিরোধীদের বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই দমন-পীড়নের কারণে সেখানকার নারী ও শিশুসহ শত শত লোক বাড়িঘরছাড়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং ক্ষমতাসীন রাজনীতিকেরা এই অজুহাতে এই দমন-নিপীড়নের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন যে এর মাধ্যমে সহিংস হামলাকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা হচ্ছে।’
৫ জানুয়ারি থেকে বিরোধী দলের চলমান অবরোধের সময় কয়েক শ যানবাহনে অগ্নিসংযোগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, এসব ঘটনায় অনেক নির্দোষ ব্যক্তির প্রাণহানির পাশাপাশি অগ্নিদগ্ধ হয়েছে অনেকেই। অথচ পুলিশ সব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না।
সরকারের কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের পর আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ১১ জানুয়ারি হুমকি দিয়ে বলেন, বিরোধী দলকে বিচারবহির্ভূত পদ্ধতিগুলো ব্যবহার করে মুছে ফেলা হবে। এরপর ১৫ জানুয়ারি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিরোধীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং তাদের বিরুদ্ধে বুলেট ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। একই দিন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সন্দেহভাজন বোমা বহনকারী যে কাউকেই তাঁর বাহিনীর সদস্যরা গুলি করবেন। অন্যের জীবন রক্ষা এবং বিজিবির সদস্যদের আত্মরক্ষার স্বার্থে সেটা করা হবে।
এর পরের দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ একটি বৈঠকে একই ধরনের কথা বলেন। আইজিপি বলেন, ‘...পুলিশ নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে নির্বাচিত সরকারকে রক্ষা করবে এবং আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী শক্তির সন্ত্রাসকে মুছে ফেলবে।’ আর জানামতে র্যা বের মহাপরিচালক বলেন, ‘কিছু সন্ত্রাসী রাষ্ট্র, জনগণ ও সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন নির্ধারিত সময়েই হবে। জনগণ সেই নির্বাচনে নিজেদের রায় দেবেন।’ এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ জানুয়ারি বলেন, ‘যারা পেট্রলবোমা বানায় ও মারে, তাদের হাতগুলো পুড়িয়ে দেওয়া উচিত, যাতে করে তারা অগ্নিদগ্ধ মানুষগুলোর যন্ত্রণা অনুভব করতে পারে।’
বিবৃতিতে বলা হয়, এসব বক্তব্যের পর পুলিশ বিরোধী রাজনৈতিক দলের অন্তত তিনজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। এ ছাড়া গত তিন সপ্তাহে বিরোধী রাজনীতিকসহ প্রায় সাত হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। বন্দুকযুদ্ধের নামে হত্যা করার ভয় দেখিয়ে এবং নির্যাতনের মাধ্যমে পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছে বলেও অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।