নাগরিকসেবায় শৈথিল্য সহ্য করা হবে না: দুদক কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, নাগরিক সনদ অনুয়ায়ী সরকারি কর্মকর্তাদের সেবা দিতে হবে। এটা তাঁদের সাংবিধানিক কর্তব্য। এ ক্ষেত্রে শৈথিল্য সহ্য করা হবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্থানীয় কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় দুদক কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের করের টাকা যাদের বেতন হয়, জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের অবহেলার কোনো সুযোগ নেই।
মতবিনিময়ের শুরুতেই নাসিরউদ্দীন গত সেপ্টেম্বর মাসে সাভারে অনুষ্ঠিত গণশুনানির পর সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান কোনো উন্নতি হয়েছে কি-না জানতে চান। এ প্রসঙ্গে টিআইবি সদস্য নজরুল ইসলাম বলেন, ভূমি অফিস থেকে সাভারের সাধারণ মানুষ বর্তমানে বিনা পয়সায় সেবা পাচ্ছেন। তিনি বলেন, ‘সেটেলমেন্ট অফিসে ৩৯টি কেস পাঠিয়েছিলাম। প্রত্যেকটি কেস ঘুষ ছাড়াই সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে।’
সাংবাদিক গোবিন্দ আচার্য বলেন, গণশুনানির পর স্বাস্থ্য, শিক্ষা ও ভূমির সেবা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। এখন নামজারির জন্য মাসের পর মাস অপেক্ষা। কাগজ-পত্র ঠিক থাকলে ২৮ দিনেই নামজারি হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণশুনানিতে একজন কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠলেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ উপস্থিত বেশ কয়েকজন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক উন্নতির কথা জানান।
কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেন, এখন থেকে তিন মাস পর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করা হবে। তিনি নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান।