‘নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার’ নিয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদে প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা ও প্রার্থী-পরিচিতি তুলে ধরেন টেলিস্কোপ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।
নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সাকি বলেন, এই শহরে নাগরিকদের বিশুদ্ধ পানির কোনো নিশ্চয়তা নেই। শহরের বাতাস বিষাক্ত। অপরিকল্পিত নগরায়ণ, গণপরিবহনের অভাবে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়া, শহরে নারীদের যথেষ্ট নিরাপত্তা না থাকাসহ নানা সমস্যা রয়েছে। এই নগরীকে বাঁচিয়ে রাখতে তরুণদের জেগে ওঠার আহ্বান জানান এই বাম নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আহমেদ কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে হাজির থেকে মেয়রপ্রার্থী জোনায়েদ সাকির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে সংহতি বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুস সালাম, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক সামিয়া হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, সংগীতশিল্পী মাকসুদুল হক, কৃষ্ণকলি ইসলাম, অরূপ রাহী, শিল্পী অমল আকাশ, আলোকচিত্রী তাসলিমা আখতার, লেখক ফিরোজ আহমেদ, অধ্যাপক সামিনা লুৎফা, নাট্যনির্দেশক অভিনেতা আজাদ আবুল কালাম, নির্মাতা জাঈদ আজিজ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী জোনায়েদ সাকি তাঁর নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, দুর্নীতিমুক্ত এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে নগরপ্রশাসন পরিচালনাই হবে আমাদের মূলনীতি। দেশের রাজনৈতিক বাস্তবতায় একদিকে চলছে গুম-খুন সন্ত্রাস, আরেক দিকে পেট্রলবোমা সন্ত্রাস। এই অবস্থার পরিবর্তন চায় মানুষ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আহমেদ কামাল ঢাকার এই পরিবর্তনের পক্ষে যোগ্য নেতৃত্ব হিসেবে জোনায়েদ সাকিকে পরিচিত করিয়ে দিলে সমবেত ব্যক্তিরা করতালি দিয়ে অভিনন্দন ও স্বাগত জানান।