মিরপুরের পল্লবী ১২ নম্বর সেকশনের সিরামিক এলাকায় গতকাল শনিবার সকালে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সাড়ে ছয় বছরের শিশু মো. আবদুল। এরপর ট্রাকসহ চালককে আটক করে থানায় আনে পুলিশ৷
এ ঘটনায় কাল বিকেল চারটার দিকে পল্লবী থানায় মামলা করতে যান আবদুলের বোন আকলিমা আক্তার৷ কিন্তু থানা থেকে তাঁকে বলা হয় মামলা না করে আগে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করতে৷ থানা থেকে বের হয়ে আকলিমা প্রথম আলোকে অভিযোগ করেন, মামলা না নিয়ে পুলিশ ট্রাকমালিকের পক্ষে গিয়ে তাঁকে আপসরফার প্রস্তাব দিয়েছে।
গতকাল রাত আটটায় আবার কথা হয় আকলিমার সঙ্গে৷ তিনি বলেন, ‘পুলিশের কথামতো আবদুলকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র) এসেছি আমরা৷ মালিকপক্ষের লোকও এসেছে৷ কিন্তু তাঁরা চিকিৎসার কোনো দায়িত্ব নিচ্ছেন না৷ আমাদের ক্ষমতা নাই কোনো বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করানোর। পুলিশও সাহায্য করে না।’
আকলিমার এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কোনো ক্ষমতা নেই কারও সঙ্গে আপসরফা করানোর।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাদন ফকিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মামলা নেওয়ার কাজ ভারপ্রাপ্ত কর্মকর্তার কিন্তু আপনি যেমন বললেন, তেমন কেউ আমার কাছে কোনো অভিযোগ করেননি৷ যদি উনি আসেন, অবশ্যই মামলা নেওয়া হবে৷’
পল্লবী থানায় কাল সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, নাগরিক সুবিধার অনেক কিছুই অনুপস্থিত সেখানে৷
মিরপুর ১২ নম্বর সেকশনের ৯ নম্বর রোডে পল্লবী থানার পাঁচতলা ভবন৷ ভেতরে ঢুকতেই নিচতলায় কর্তব্যরত কর্মকর্তার কক্ষ৷ থানার মধ্যে ঢুকলে যথারীতি চোখে পড়ে সিটিজেন চার্টার। নাগরিক হিসেবে এই থানা থেকে কী কী সুযোগ পাওয়া যাবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার নির্দেশনা রয়েছে সেখানে।
নাগরিকেরা স্থানীয় থানায় যেন ভোগান্তির শিকার না হন, সে জন্য প্রতি থানায় উক্ত এলাকার পুলিশের কমিশনার বা সহকারী পুলিশ কমিশনারের ফোন নম্বর থাকার কথা৷ কিন্তু পল্লবী থানায় সে রকম কিছু দেখা যায়নি৷ এই এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে থানার ট্রাফিক বিভাগের কী কার্যক্রম চলছে, সে বিষয়েও কোনো তালিকা চোখে পড়েনি। থানায় আহত বা মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের সাহায্যার্থে তৈরি হয়নি ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা দ্রুত সেবা দেওয়ার জন্য বিশেষায়িত কার্যক্রম ওয়ানস্টপ সার্ভিস।
এই এলাকায় ২০ বছর ধরে বাস করছেন মাসুদুর রহমান৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, এই থানা কখনো জনসংযোগ বা অপরাধ দমনমূলক কোনো সভার আয়োজন করেছে কি না৷ তিনি উত্তর দেন, ‘এমন কোনো সভার কথা আপনার মুখ থেকেই প্রথম শুনলাম! থানা সম্পর্কে মানুষের ধারণা মোটেই ইতিবাচক নয়৷’
অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জনসম্পৃক্ততা বাড়াতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে নিয়মিত বিভিন্ন জনসচেতনতামূলক সভা আয়োজন করার কথা পুলিশের৷ থানার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এটা একটা জনবহুল এলাকা৷ তারপরও আমাদের হাতে যে কয়জন লোক আছেন, তাঁদের দিয়ে আমরা সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টাই করি৷’