নাগেশ্বরী ও সাঁথিয়ায় দুই শিশু খুন
পাবনার সাঁথিয়া ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই শিশু খুন হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের গোপালপুর গ্রামের মিতা খাতুন (১৪) সোমবার ঘরের বাইরে গেলে সন্ত্রাসীরা তাকে হত্যা করে। গতকাল সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মিতার মা সেলিনা বেগম সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, লাশের মুখে মাটি ভর্তি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে ধর্ষণের পর মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। প্রায় চার বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চরলুছনী গ্রামের সৈয়দ আলীর মেয়ে সহিদা খাতুনের (২৪) সঙ্গে একই এলাকার বক্তার আলীর ছেলে সাইদুর রহমানের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ চলে আসছে। শনিবার রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল শাকিব (৮)। ওই রাতেই কে বা কারা তাকে ধরে নিয়ে যায়। সোমবার জেলেরা পার্শ্ববর্তী দুধকুমার নদের কাদার নিচ থেকে শাকিবের লাশ উদ্ধার করে। গ্রামবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাকিবের বাবা সাইদুলকে আটক করে নাগেশ্বরী থানায় সোপর্দ করে। এ ব্যাপারে সোমবার শাকিবের নানা সৈয়দ আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় সাইদুল ইসলাম ও তাঁর মা জমিলাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।