নাগেশ্বরীতে জাতীয় পতাকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব। গতকাল বৃহস্পতিবার লাল-সবুজ পতাকায় রাঙা হয়ে ওঠে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠ। শিশু-কিশোরদের হাতে পতপত করে উড়তে থাকে জাতীয় পতাকা। একসঙ্গে সবাই গেয়ে ওঠে জাতীয় সংগীত। সুরের মূর্ছনায় ভরে যায় গোটা প্রাঙ্গণ।
বেলা ১১টায় অনুষ্ঠিত এ উৎসবে উপজেলার ২৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধার সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রেসক্লাব নাগেশ্বরীর পরিকল্পনায় শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা পরিবারের আয়োজনে এ উৎসবের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ। উৎসবের শুরুতে জাতীয় সংগীতের ইতিহাস জানিয়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা ৪৬টি স্ট্যান্ডে আলাদাভাবে একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে দুটি করে সঠিক মাপের পতাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জোবায়ের সিদ্দিকী, সাংবাদিক ইউসুফ আলমগীর প্রমুখ।