নাগেশ্বরীতে জুয়া বন্ধ করলেন নারীরা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলা বন্ধ করে দিয়েছেন কুটিনাওডাঙ্গা জাগরণী মহিলা উন্নয়ন সমিতির সদস্যরা। তাঁদের এই কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সন্তোষপুর ইউপির চেয়ারম্যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার দিনের বেলায় উপজেলার সন্তোষপুরে বিভিন্ন বাঁশঝাড় ও বিলের ধারে জুয়ার আসর বসানো হয়। এ সময় চেয়ারম্যানের আশ্বাসের ভিত্তিতে সমিতির সভানেত্রী নুরজাহান বেগম, সাধারণ সম্পাদিকা ফাহিমা বেগম, সদস্য রাবেয়া বেগম, হালিমা বেগমসহ ৪০ জন নারী ওই সব স্থানে গিয়ে জুয়া খেলা বন্ধ করে দেন।
সমিতির সভানেত্রী নুরজাহান বেগম ও সাধারণ সম্পাদিকা ফাহিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে জুয়া খেলা চলছে। এতে এলাকায় চুরি ও নারীদের ওপর নির্যাতনের ঘটনা বাড়ছে। তাই এলাকায় জুয়া খেলা বন্ধ করার জন্য তাঁরা জোট বাঁধতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে সন্তোষপুর ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ‘এলাকায় একশ্রেণির অসাধু মানুষ বিভিন্ন স্থানের বাঁশের ঝাড় ও বিলের ধারে তাস দিয়ে জুয়া বসিয়ে লোকজনকে নিঃস্ব করছে। খবর পেয়ে ওই স্থানগুলোতে চৌকিদার যাওয়ার আগেই তারা পালিয়ে যাওয়ায় জুয়া বন্ধ করা যাচ্ছিল না। এলাকার নারীরা জুয়া বন্ধে আমার সহযোগিতা চান। আমি তাঁদের সহযোগিতা করেছি।’