নাগেশ্বরীতে ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কয়েক শ হেক্টর জমির পাকা ধান।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কালবৈশাখী ঝড় উপজেলার বামনডাঙ্গা, বেরুবাড়ী, কালীগঞ্জ, বল্লভেরখাস, কেদার, নারায়ণপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এতে বামনডাঙ্গা, কুটি বামনডাঙ্গার চর, সেনপাড়া, পাটেশ্বরী, বেরুবাড়ী গুচ্ছগ্রাম, আকন্দপাড়া, ফান্দেরচর, আদর্শপাড়া, সবুজপাড়া, কুমোদপুর, চর বেগুনীপাড়া, কাপালীপাড়া, ভেলকারচর, পাইকপাড়া, চর বলরামপুর, খাসমহল, ধারিয়ারপাড়, নামারচর, চর রহমানের কুটি, মাদারগঞ্জ, ফান্দিরভিটা, পাখিউড়া, ঝাউকুটি, ধনীরামপুর, তরীরহাটসহ প্রায় অর্ধশতাধিক গ্রামের সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় কুটি বামনডাঙ্গার চর গ্রামের আকবর আলী, বাবু মিয়া; চর রহমানের কুটির সাহেরা খাতুন; চর বেগুনীপাড়ার নুরজামাল মিয়া, সাহেরা বেগম, আবদুছ ছালাম, আবদুল কাদের, তাহের আলী, ছালমা খাতুন, আবদুল হাই, হাশেম আলীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
বেগুনীপাড়া গ্রামের আরফান আলী বলেন, ঝড়ে তাঁর ৩২ হাত লম্বা একটি টিনের ঘর উড়ে গেছে। অনেক খুঁজে প্রায় তিন কিলোমিটার দূরে ব্যবহার অনুপযোগী কিছু টিন পেলেও বাকি টিন পাওয়া যায়নি।
চর কুটি বামনডাঙ্গার উত্তম গুহ বলেন, ‘আমার ২০ হাত একটি টিনের ঘর উড়ে গেছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে খেতের পাকা ধানও নষ্ট হয়েছে।’
এদিকে গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ।
এ ব্যাপারে ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত লোকজনকে দ্রুত সহায়তার আবেদন জানানো হবে।