নাগেশ্বরীতে দুদকের দুর্নীতিবিষয়ক গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুর্নীতিবিষয়ক গণশুনানি হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ৩ ঘণ্টাব্যাপী গণশুনানিতে উপজেলার ১০টি দপ্তরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেছেন বিভিন্ন এলাকার লোকজন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিশ্বব্যাংক যৌথভাবে এ শুনানির আয়োজন করে।
নাগেশ্বরী উপজেলা চত্বরে গণশুনানির অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন দুদক পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুইয়া, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোজাহার আলী সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হাকিম প্রমুখ।
সকাল ১০টায় একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম-নাগেশ্বরী আঞ্চলিক সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
পরে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমবায় অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস নিয়ে সেবাগ্রহিতা জনসাধারণের পক্ষ থেকে কিছু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে শিক্ষা বিভাগের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করা হয়। উপজেলা প্রশাসনকে অভিযোগগুলোর তদন্ত করে দ্রুত তা নিষ্পত্তির নির্দেশ দেন শুনানির সঞ্চালক জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।