নাগেশ্বরীতে সরকারি বই বিক্রির তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের চলতি বছরের ৯৭৯টি সরকারি বই বিক্রির তদন্ত করছে তিন সদস্যের তদন্ত কমিটি। গতকাল রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয়-সংশ্লিষ্ট সাতজনের লিখিত সাক্ষ্য নেয় তদন্ত কমিটি।

তদন্ত কমিটি গতকাল সরেজমিনে এসে বই পরিবহনের ভ্যানচালক, বই জব্দকারী আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজীউর রহমান, অফিস সহকারী আবদুস সামাদ, চতুর্থ শ্রেণির কর্মচারী গোলাম মোস্তফা ও আবদুল লতিফ এবং অভিযুক্ত প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিনের লিখিত সাক্ষ্য নেন।

ভ্যানচালক লিখিত বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক মুঠোফোনে ডেকে বই বিক্রির কথা বললে তিনি বই ওজন করে ১ হাজার ৪০০ টাকা প্রধান শিক্ষককে দিয়ে পথে যেতে ভ্যান আটক করেন স্থানীয় ব্যক্তিরা। সহকারী শিক্ষক গাজীউর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রধান শিক্ষককে চলতি বছরের বই বিক্রি না করতে একাধিক শিক্ষক বারণ করলেও তিনি তা মানেননি। সামাদ, গোলাম মোস্তফা ও লতিফও একই জবানবন্দি দেন।

প্রসঙ্গত, ২২ আগস্ট দুপুরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ওই ৯৭৯টি বই কেজি দরে প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিন বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। কমিটির প্রধান উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সদস্য একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ ও চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) কর্মকর্তা আলমগীর হোসেন।

মশিউর রহমান বলেন, প্রধান শিক্ষক ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন।