নাগেশ্বরীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের বিচারক আখতার-উল-আলম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই স্বামীর নাম মুকুল মিয়া (৩২)।
মামলার বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের অক্টোবর মাসে নাগেশ্বরীর মেছনীর পাড়া গ্রামের আবুল কাশেমের বড় মেয়ে তানিয়া আক্তার তানির (২২) সঙ্গে পাশের নীলুরখামার চুরুয়াটারী গ্রামের সোহরাওয়ার্দী মিয়ার দ্বিতীয় ছেলে মুকুল মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। কলহের জেরে ২০১৪ সালের ২০ জুন তানিয়ার গলাকাটা লাশ মুকুল মিয়ার ঘরে পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই মুকুল মিয়া, তাঁর বাবা, দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।
মামলাটি আসামিপক্ষে পরিচালনা করেন আইনজীবী মুহাম্মদ ফখরুল আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন।