নাগেশ্বরীতে হলুদের দাম কম বিপাকে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে দাম কমে যাওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চাষিরা খেত থেকে হলুদ তুলছেন না। এর দাম গত বছরের তুলনায় পাঁচ-ছয় গুণ কমেছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ১০ হেক্টর জমিতে হলুদ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু চাষ হয়েছে ৩৯ হেক্টর জমিতে। গত বছর ভালো দাম পাওয়ায় চাষিরা এবার লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২৯ হেক্টর জমিতে হলুদের চাষ করেছেন।চাষিরা জানান, গত বছর এ সময় কাঁচা হলুদ বিক্রি হয়েছিল এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকা মণ দরে। এবার বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা মণ দরে। হঠাৎ করে দরপতনে কয়েক হাজার হলুদচাষির মুখে আর হাসি নেই।বামনডাঙ্গা ইউনিয়নের আনছার হাট গ্রামের হলুদচাষি মেহের জামাল বলেন, ‘ গত বছর হলদির দাম বেশি থাকায় এবার গম, কলাই চাষ না করি বেশি দামের আশায় ৯ বিঘা জমিত হলদি চাষ করছি। এবার বাজারত দামে নাই। সেই জন্যে খেত থাকি আর হলদি (হলুদ) তুলবারে নাগছি না।’বেরুবাড়ী ইউনিয়নের ওয়াবদা গ্রামের চাষি জামাল উদ্দিন বেপারী বলেন, ‘গত বছর হলদি বেচি ভালো টাকা আয় করছি। পাইকার আসি খেত থাকি হলদি তুলি নিয়া গেইছে। এবার ওই জন্য সোউগ আবাদ বাদ দিয়া ৬০ বিঘা জমিত হলদি নাগাছি। বাজারোত হলদি নিবারে চায় না। তাই মনের গোসায় জমি থাকি হলদি এ্যালাও তুলি নাই। এবার কিয়ে হইবে তা কবার পাই না।’হলুদ ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, ‘গত বছরের চেয়ে এবার সোগটাই হলদি বেশি আবাদ হইছে। এই জন্য মোকামোত চাহিদা কমি গেইছে। আমরা কিনি অন্যটাই ব্যাচাই। সেডিও এবার নিবার চায় না। ওই জন্য বেশি করি কিনবারও চাই না।’উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার জানান, গত বছর বেশি দাম পাওয়ায় চাষিরা এবার বেশি জমিতে হলুদ চাষ করেছেন। ফলনও হয়েছে অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। এ কারণে বাজারে চাহিদা কমে গেছে।