নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানীর কাকরাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির অন্তত পাঁচজন নেতা জানান, গত সোমবার রাত ১১টায় মোবাশ্বের আলমকে কাকরাইল এলাকার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান জমজম কার শোরুমের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ জানুয়ারি পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনের সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি পিকআপ গাড়িতে আগুন ধরিয়ে দেয় আসামিরা। ওই দিন পল্টন মডেল থানায় বিএনপি ও জামায়াতের আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের নামে মামলা করেন সিটি করপোরেশনের গাড়িচালক মো. জাহাঙ্গীর খান। ওই মামলায় মোবাশ্বের আলম ভূঁইয়াকে গ্রেপ্তার দেখায় পুলিশ।