নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে দুজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল বৃহস্পতিবার বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রাখাল চন্দ্র দাস (৫০) নামের এক পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ আগের দিন বুধবার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামে ছেলেকে মারধরের বিচার চাইতে গিয়ে পিটুনিতে মারা গেছেন আবদুল হালিম (৫২) নামের এক ব্যক্তি৷
নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বৌয়ারা গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৌয়ারা গ্রামের পল্লি চিকিৎসক চন্দ্র দাসের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তাঁর চাচাতো ভাই সুভাষ চন্দ্র দাসের বিরোধ রয়েছে৷ এই বিরোধের জের ধরে গতকাল বেলা তিনটায় রাখাল চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে সুভাষ চন্দ্র দাসের তর্ক বাধে৷ একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ সংঘর্ষের সময় পিটুনিতে পল্লি চিকিৎসক রাখাল চন্দ্র দাস, তাঁর স্ত্রী নিলু রানী দাস, ছেলে বিপ্লব চন্দ্র দাস ও সুভাষ চন্দ্র দাস আহত হন৷ গুরুতর আহত রাখাল চন্দ্র দাসকে লাকসামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়৷ সেখানে রাখাল চন্দ্রকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে৷
চৌদ্দগ্রামের কৈয়ারধারী গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের একটি মাঠে বুধবার বিকেল সাড়ে চারটায় ফুটবল খেলা হয়৷ ওই খেলায় একই গ্রামের আবদুল হালিমের ছেলে দ্বীন ইসলাম (১৯) ও নূর ইসলামের ছেলে পারভেজের (২০) মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে পারভেজ ও তাঁর সঙ্গীরা মিলে দ্বীন ইসলামকে বেদম মারধর করেন৷ খবর পেয়ে আবদুল হালিম ছেলে দ্বীন ইসলামকে উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে পারভেজের বিচার দাবি করেন৷ এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ ও তাঁর লোকজন পথে আবদুল হালিমকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন৷ পরে তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল৷ রাত নয়টায় পথেই তাঁর মৃত্যু হয়৷ গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ এ ঘটনায় নিহতের স্ত্রী সামছুন নাহার বেগম বাদী হয়ে পারভেজসহ আটজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন৷
চৌদ্দগ্রাম থানার দ্বিতীয় কর্মকর্তা সামছুদ্দিন মো. ইলিয়াছ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷