কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ কে এম মনিরুজ্জামান (আনারস) ১১ হাজার ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তৌহিদুর রহমান মজুমদার (তালা) পেয়েছেন এক হাজার ৩১৯ ভোট। গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মাইন উদ্দিন (দোয়াত-কলম) পেয়েছেন ৩৫৭ ভোট। নির্বাচনে ৮৩ শতাংশ ভোট পড়ে।
এদিকে কারচুপির অভিযোগ এনে ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী ও নাঙ্গলকোট পৌর বিএনপির অর্থ সম্পাদক মাইন উদ্দিন গতকাল বুধবার বেলা দেড়টায় নির্বাচন বর্জন করেন। নাঙ্গলকোট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।
গতকাল দুপুরে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সরকারদলীয় নেতা-কর্মী ছাড়া আর কোনো প্রার্থীর লোকজন নেই। পুরো কলেজ মাঠ এবং বুথের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি। গণমাধ্যমকর্মীদের দেখে তাঁরা সবাই সারিতে দাঁড়িয়ে যান। প্রিসাইডিং কর্মকর্তা আমিরুজ্জামান জানান, এ কেন্দ্রে এক হাজার ৬২৭ ভোট রয়েছে। এর মধ্যে ১২৭টি ব্যালট পেপার তাঁর কাছে রয়েছে।