নাঙ্গলকোট উপজেলা যুবদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের সম্মেলন পূর্বনির্ধারিত স্থানে হয়নি। বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকদের প্রতিরোধের মুখে জেলা যুবদলের নেতারা নাঙ্গলকোটে যাননি। তাঁরা কুমিল্লা শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন করে কমিটি ঘোষণা করেন। অন্যদিকে, আবদুল গফুর ভূঁইয়াও নাঙ্গলকোট যুবদলের পাল্টা কমিটি ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় নাঙ্গলকোটের হাছান মেমোরিয়েল ডিগ্রি কলেজ মাঠে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। গফুর ভূঁইয়ার সমর্থকেরা গতকাল সকাল থেকে নাঙ্গলকোট উপজেলা মিলনায়তন এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর দুইটার সময় বৃষ্টির মধ্যে হাজার হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া-সমর্থিত অংশের নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত স্থানে সম্মেলন করতে যাননি। পরে দলীয় নেতা-কর্মীদের বাসে করে এনে কুমিল্লা শহরের লাকসাম সড়কের লাগোয়া একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন করা হয়। এতে নাঙ্গলকোট উপজেলা যুবদলের সভাপতি হিসেবে আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে কলিম উল্লাহর নাম ঘোষণা করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক আমিরুজ্জামান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। অন্যদিকে গফুর ভূঁইয়া বিকেল পাঁচটায় নাঙ্গলকোট এ আর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলামকে আহ্বায়ক করে যুবদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন তিনি। নাঙ্গলকোটে তাঁর জনপ্রিয়তার কথা উল্লেখ করে গফুর ভূঁইয়া বলেন, ‘বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন।’ তবে একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা যুবদলের আহ্বায়ক আমিরুজ্জামান বলেন, মোবাশ্বের ভূঁইয়ার মতামত নিয়েই নাঙ্গলকোট উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সংঘাত এড়াতে শহরে কমিটি গঠন করা হয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এক পক্ষ না আসায় কোনো সমস্যা হয়নি।