নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রামের ফেরদাউস আক্তারকে (৩০) হত্যা করে গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানো হয়। অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের খোদেজা আক্তার ওরফে পুতুলের (১৫) লাশ ফাঁস দেওয়া অবস্থায় বাবার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার রাতে এ দুটি ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, ১১ বছর আগে নাঙ্গলকোট উপজেলার বাগমারা গ্রামের আবু তাহেরের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে একই উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিঙ্গরিয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে ফেরদাউস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও পরিবারের লোকজন প্রায়ই কারণে-অকারণে ফেরদাউসকে মারধর করতেন। শুক্রবার সকালে তাঁকে মারধর করা হয়। রাতে তাঁকে আবারও মারধর করেন স্বামী জসিম উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে তাঁকে পিটিয়ে হত্যা করে গলায় রশি লাগিয়ে ঘরে ঝুলিয়ে রেখে বাড়ির সবাই পালিয়ে যান। খবর পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশ গতকাল সকালে গিয়ে লাশ উদ্ধার করে। ফেরদাউসের শরীরে জখমের চিহ্ন রয়েছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দেব বলেন, ফেরদাউস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামে মারা যাওয়া খোদেজা আক্তার ওই গ্রামের আলী আমজাদের মেয়ে এবং উপজেলার দুর্গাপুর গ্রামের লাল মিয়া ওরফে শাহজাহানের স্ত্রী।জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক কলহের জের ধরে খোদেজা গলায় ফাঁস দেন। রাত ১০টার দিকে সৎমা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গতকাল সকালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিউদ্দিন ও অলি উল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে খোদেজার বাবা মনোহরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।