নাঙ্গলকোট ও রাজনগরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট ও হবিগঞ্জের রাজনগরে গতকাল বুধবার ১৪৪ ধারা জারি করা হয়। নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় এবং রাজনগরে একই জায়গায় দুটি ইসলামি সংগঠনের মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এ পদক্ষেপ নেয়। কুমিল্লা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, নাঙ্গলকোট উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় গতকাল বুধবার বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলা সদরের এ আর উচ্চবিদ্যালয় মাঠ, উপজেলা মিলনায়তন ও দলীয় কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ফলে নাঙ্গলকোট উপজেলা বিএনপির কর্মী সমাবেশ হয়নি। উপজেলা বিএনপির কমিটি নিয়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়ার বিরোধকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়।এ ব্যাপারে আবদুল গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম ভূঁইয়া পরস্পরকে দায়ী করেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে উপজেলা সদরের কয়েকটি স্থানে বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।’এদিকে বিকেল সাড়ে চারটায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদারের বাড়ির সামনে মোবাশ্বের গ্রুপ কর্মিসভা করে। সে সময় সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়া দলবল নিয়ে সেখানে হাজির হন। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলামসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। তাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, শহরে একই জায়গায় দুটি ইসলামিক সংগঠনের মাহফিল আহ্বানকে কেন্দ্র করে গতকাল বুধবার শহরে অস্থির পরিবেশ তৈরি হওয়ায় জেলা প্রশাসন ওই দিন ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় আক্কাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি ইসলামিক সংগঠন সিরাতুন্নবী (সা.) মাহফিল নাম দিয়ে এক সমাবেশের আয়োজন করে। এদিকে একই জায়গায় হবিগঞ্জ সুন্নি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাজদ্বানে মদিনা সুন্নি যুবসংঘ মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করে সমাবেশের ডাক দেয়। এ পক্ষের দাবি সিরাতুন্নবী (সা.) বলতে কিছু নেই। রাষ্ট্র স্বীকৃত মিলাদুন্নবী (সা.)-কে কটাক্ষ করে ইসলামবিরোধী ওয়াহাবি এ সমাবেশের আয়োজন করছে। তা ইসলামি সুন্নি সংগ্রাম মেনে নিতে পারছে না।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের আশঙ্কায় হবিগঞ্জের জেলা প্রশাসন সমাবেশস্থলসহ পুরো শহরে ১৪৪ ধারা জারি করে। আক্কাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মহিবুর রহমান বলেন, তাঁদের শান্তিপূর্ণ মাহফিলে প্রতিবন্ধকতা তৈরি করতে প্রতিপক্ষ পাল্টা সমাবেশের আয়োজন করেছে। হবিগঞ্জ সুন্নি সংগ্রাম পরিষদের নেতা মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ বলেন, মাহফিলে কারও বাধা থাকতে পারে না। এ বিষয়ে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুন্নবী ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো শহরে ১৪৪ বলবত্ থাকবে। উভয় পক্ষকে এই বিরোধ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।