নাঙ্গলকোট পৌরসভার স্থগিত ভোটকেন্দ্রের নির্বাচন ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৬ এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন হবে।গত ১৮ জানুয়ারি ব্যালট পেপারে ঢালাও সিল, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন নির্বাচনের নতুন তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত মেয়রপ্রার্থীর নেতা-কর্মীরা গত ১৮ জানুয়ারি কেন্দ্রটিতে ঢুকে ব্যালট পেপারে ঢালাওভাবে সিল মারেন। তাঁরা ব্যালট বাক্স ছিনতাই করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলমকে মারধর করা হয়। বাধ্য হয়ে রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ফল ঘোষণা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. সামছুউদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৪২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ কে এম নুরুল আফছার পেয়েছেন পাঁচ হাজার ১০৯ ভোট। স্থগিত হওয়া ওই কেন্দ্রে ৫৭৩ জন ভোটার আছেন।