নাঙ্গলকোট পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়রপ্রার্থী জয়ী
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত (দেয়াল ঘড়ি) প্রার্থী মো. সামছুদ্দিন জয়ী হয়েছেন। গতকাল শনিবার একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বেসরকারিভাবে ওই ফল ঘোষণা করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ হয়। এতে ৫৭৩ ভোটারের মধ্যে ৪৯৫ জন ভোট দেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন পান ৩২২ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী পান ১৩৯ ভোট। ৩৪টি ভোট বাতিল করা হয়। গত ১৮ জানুয়ারি ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পৌরসভার মোট ১১টি কেন্দ্রের ফলাফলে সামছুদ্দিন মোট পাঁচ হাজার ৭৫১ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত এ কে এম নূরুল আফছার পেয়েছেন পাঁচ হাজার ২৪৮ ভোট।