কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত (দেয়াল ঘড়ি) প্রার্থী মো. সামছুদ্দিন জয়ী হয়েছেন। গতকাল শনিবার একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বেসরকারিভাবে ওই ফল ঘোষণা করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ হয়। এতে ৫৭৩ ভোটারের মধ্যে ৪৯৫ জন ভোট দেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন পান ৩২২ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী পান ১৩৯ ভোট। ৩৪টি ভোট বাতিল করা হয়। ফেনী: ফেনী পৌরসভার দুটি ওয়ার্ডের স্থগিত দুই কেন্দ্রে গতকাল শনিবার কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হয়। এতে ৮ নম্বর বারাহিপুর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কামাল উদ্দিন মাহমুদ ও ১৫ নম্বর পূর্ব মধুপুর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত মো. মনির আহম্মদ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত সেলিনা চৌধুরী এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৫ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিএনপি-সমর্থিত রোকসানা আকতার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত থেকে ৮ নম্বর বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে বোমা ফাটানোর শব্দ শোনা যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৩৮৩। অথচ ভোট পড়েছে মাত্র ৬৭৯। অন্যদিকে ১৫ নম্বর ওয়ার্ডে পূর্ব মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট এক হাজার ৮৫৭ ভোটের মধ্যে পড়েছে এক হাজার ১৪৮টি।