নাঙ্গলকোট-লাকসাম প্রধান সড়কের অবস্থা করুণ
কুমিল্লার নাঙ্গলকোট-লাকসাম প্রধান সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওই সড়কের পিচ উঠে গেছে। এ সড়কে পাঁচ শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। তার ওপর সড়কটি সংকীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে।
এ সড়ক দিয়েই নাঙ্গলকোটের বাসিন্দারা ঢাকা, চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা ও উপজেলায় যাতায়াত করে থাকে। নাঙ্গলকোট উপজেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত একমাত্র সড়কটি মেরামত হলে এ অঞ্চলের ছয় লাখ মানুষ উপকৃত হবে।
সরেজমিনে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিভুক্ত নাঙ্গলকোট-লাকসাম সড়কের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। লাকসাম থেকে নাঙ্গলকোট হয়ে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া পর্যন্ত ওই সড়ক বিস্তৃত। ওই সড়ক দিয়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠা যায়। বছরের পর বছর গুরুত্বপূর্ণ ওই সড়কটি মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী পিকআপ ভ্যান, যাত্রীবাহী বাস ও ট্রাক ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছায়। সড়কের প্রস্থ ১২ ফুট হওয়ায় একসঙ্গে দুটি যানবাহন আসা-যাওয়া করতে পারে না। ফলে দীর্ঘ সময়ে চালকদের যানবাহন নিয়ে অপেক্ষা করতে হয়। এতে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।
নাঙ্গলকোট উপজেলার কাদবা গ্রামের সাইফুল ইসলাম বলেন, লাকসাম অংশের সাতবাড়িয়া থেকে উত্তরকূল এবং নাঙ্গলকোট অংশের মক্রবপুর স্টিল সেতু থেকে নাঙ্গলকোট পৌরসভার বটতলা পর্যন্ত সড়কের এক পাশে খাল। সড়ক বেহাল হওয়ায় মাঝেমধ্যেই মালবাহী যানবাহন ও যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের মালবাহী ভারী ট্রাক ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে। মালবাহী ট্রাকের ভারে সড়কটির লাকসাম অংশের সাতবাড়িয়া থেকে উত্তরকূল পর্যন্ত দুই পাশে দেবে গেছে। এতে করে সড়কের ওই অংশে যান চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। তার ওপর সড়কের মধ্যে বালু পড়ে গর্ত ডেকে গেছে। এতেও দুর্ঘটনা হচ্ছে। সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওই সড়কটি পরিদর্শন করেন। তখন স্থানীয় লোকজন সড়কটি প্রশস্তকরণসহ মেরামতের জন্য মন্ত্রীর কাছে দাবি জানান। মন্ত্রীর আশ্বাসের দীর্ঘদিন পরও সড়কের কাজ শুরু হয়নি।
জানতে চাইলে সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম গত রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০১০ সালে ওই সড়কটি প্রশস্ত ও মেরামত করার জন্য ৩১ কোটি টাকার একটি প্রকল্প-প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। ২০১১ সালের ৪ আগস্ট ওই প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হয়।
এরপর সেটি আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উত্থাপন হয়নি। ৩২ কিলোমিটার ওই সড়কের এখন একেবারেই বেহাল দশা। সড়কের প্রস্থ ১২ ফুট হওয়ায় যান চলাচল বিঘ্ন হচ্ছে। সেটি ১৮ ফুট করার প্রস্তাব নতুন প্রকল্পে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘অর্থ না থাকায় আমরা দীর্ঘদিন ওই সড়কের অস্থায়ী মেরামতের কাজও করতে পারছি না। তার পরও আমরা কিছু খোয়া এনে প্রাথমিক পর্যায়ে সংস্কারকাজ শুরু করব।’