নাঙ্গলকোটে চুরি ও ডাকাতির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট
কুমিল্লার নাঙ্গলকোট পৌর মার্কেটের দুই দোকানে চুরি ও উপজেলার রায়কোট গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ওই পৌর বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই মার্কেটের নূর ফ্যাশন ও আলম কসমেটিকসের দোকান থেকে নগদ পাঁচ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়। একই রাতে উপজেলার রায়কোট গ্রামের ব্যবসায়ী রফিক আহমেদের বাড়িতে ১০-১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা লুট করে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে পৌর বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার মেয়র শামসুদ্দিন ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।