নাঙ্গলকোটে দুই গৃহবধূ খুন, স্বামীরা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে দুই দিনে দুই গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় গৃহবধূদের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা হয়েছে। তাঁরা পলাতক।নিহত গৃহবধূরা হলেন উপজেলার মক্রবপুর গ্রামের বিদ্যুৎ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার এবং ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি গ্রামের মাঈন উদ্দিনের স্ত্রী ফারহানা ইয়াসমিন।পুলিশ ও এলাকাবাসী জানান, মক্রবপুর গ্রামের বিদ্যুৎ চৌধুরী পারিবারিক কলহের জের ধরে গত শনিবার রাতে স্ত্রী ফাতেমার মাথায় আঘাত করেন। পরে তাঁর মুখে বিষাক্ত রাসায়নিক ঢেলে দেওয়া হয়। বিদ্যুৎ চৌধুরী একপর্যায়ে ঘরে লাশ রেখে দরজায় তালা লাগিয়ে দেন। খবর পেয়ে গ্রামবাসী ওই বাড়িতে গেলে বিদ্যুৎ জানান, ফাতেমা আত্মহত্যা করেছেন। কিন্তু গ্রামবাসী লাশ দেখতে চাইলে তাদের দেখতে দেননি বিদ্যুৎ।গ্রামবাসীর সন্দেহ হলে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যান বিদ্যুৎ।নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, ফাতেমা আক্তারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর বাবা বিদ্যুৎ চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।এদিকে গত রোববার সকালে উপজেলার চৌকুড়ি গ্রামে ফারহানা ইয়াসমিন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, দুই বছর আগে চৌকুড়ি গ্রামের মাঈন উদ্দিনের সঙ্গে নোয়াখালীর সেনবাগ উপজেলার পাইপখাস্তা গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে ফারহানা ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঈন উদ্দিন যৌতুকের দাবিতে ফারহানাকে শারীরিক নির্যাতন করতেন। রোববার সকালে মাঈন উদ্দিন, তাঁর ছোট ভাই নেছার উদ্দিন, বাবা ধনু মিয়া ও মা আনোয়ারা বেগম ফারহানাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। এতে ফারহানার মৃত্যু হলে তাঁরা ঘরে লাশ রেখে পালিয়ে যান।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে মাঈন উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন ফারহানার বাবা।দুটি ঘটনা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, উভয় ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।